১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

‘দুর্ভাগা’ ভিয়েৎসকে নিয়ে ধৈর্য ধরতে বললেন লিভারপুল কোচ

ইংলিশ চ্যাম্পিয়নদের কোচের মতে, নিজের কাজটা ভালোভাবে করে গেলেও ভাগ্য সহায় হচ্ছে না জার্মান তারকার।

‘দুর্ভাগা’ ভিয়েৎসকে নিয়ে ধৈর্য ধরতে বললেন লিভারপুল কোচ
ফ্লোহিয়ান ভিয়েৎস। ছবি রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2025, 09:11 PM

Updated : 26 Aug 2026, 02:30 PM

প্রত্যাশার ডালি সাজিয়ে লিভারপুলে এসে এখন পর্যন্ত গোলের খাতা খুলতে পারেননি ফ্লোহিয়ান ভিয়েৎস। নামের পাশে অ্যাসিস্ট কেবল একটি। জার্মান মিডফিল্ডারের এমন পারফরম্যান্সে অবশ্য দুর্ভাবনার কিছু দেখছেন না আর্না স্লট। ইংলিশ চ্যাম্পিয়নদের কোচের মতে, নিজের কাজটা ভালোভাবেই করছেন ভিয়েৎস, কিন্তু ভাগ্য সহায় হচ্ছে না তার। 

তাই ২২ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডারকে নিয়ে সবাইকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন তিনি।

এবারের গ্রীষ্মের দলবদলে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন থেকে ভিয়েৎসকে রেকর্ড ১০ কোটি পাউন্ডে দলে টানে লিভারপুল। পারফরম্যান্সভিত্তিক বোনাস হিসেবে ধরা হয়েছে আরও ১ কোটি ৬০ লাখ পাউন্ড। স্বাভাবিকভাবেই তাই এই তারকা ফুটবলারের কাছে ক্লাবটির সমর্থক থেকে শুরু করে সংশ্লিষ্ট সবার প্রত্যাশা অনেক।

কিন্তু সেটা পূরণ করতে পারছেন না তিনি। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে সাতটি ও চ্যাম্পিয়ন্স লিগে দুটি ম্যাচ খেলে কোনো গোল ও অ্যাসিস্ট করতে পারেননি ভিয়েৎস। লিভারপুলের জার্সিতে তার একমাত্র অ্যাসিস্টটি কমিউনিটি শিল্ডে, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে টাইব্রেকারে হেরে যাওয়া ফাইনালে।

ভিয়েৎসকে নিয়ে তাই নেতিবাচক আলোচনা শুরু হয়ে গেছে ইংলিশ ফুটবলে। তবে এখনই তার ওপর আস্থা হারানোর মতো কিছু দেখছেন না স্লট। স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপকালে ডাচ কোচ বললেন, নতুন ঠিকানায় মানিয়ে নিতে ভিয়েৎসকে আরও সময় দেওয়া প্রয়োজন।

“যখন অনেক অর্থ দিয়ে কাউকে দলে আনা হয়, লোকে মূলত তার গোল আর অ্যাসিস্ট দেখে। তবে আমি এটা বলতে পারি, এরই মধ্যে ভিয়েৎস ছয়–সাতটি অ্যাসিস্ট পেয়ে যেত।”

“ফিনিশিংয়ের ক্ষেত্রে সে কিছুটা দুর্ভাগা ছিল…তবে, ২২ বছর বয়সী একজনের জন্য অন্য দেশে গিয়ে মানিয়ে নেওয়াটা স্বাভাবিকভাবেই চ্যালেঞ্জিং, প্রিমিয়ার লিগের ক্ষেত্রেও সেটা তাই।”

লিভারপুলে যোগ দেওয়ার আগে বায়ার লেভারকুজেনে দারুণ ছন্দে ছিলেন ভিয়েৎস। ক্লাবটির হয়ে ১৯৭ ম্যাচে ৫৭ গোল ও ৬৫ অ্যাসিস্ট করেন তিনি।

আন্তর্জাতিক বিরতির পর রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরছে লিভারপুল। ৭ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুইয়ে আছে তারা। সমান ম্যাচে তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল।