২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘এই অবস্থায় লিগ জিততে কী করতে হবে, জানে সিটি’

আগের কয়েক মৌসুমের শিরোপা লড়াইয়ের ঘটনাপ্রবাহ এবং বর্তমান প্রেক্ষাপট পেপ গুয়ার্দিওলাকে আবার প্রিমিয়ার লিগের ট্রফি জয়ের স্বপ্ন দেখাচ্ছে।

‘এই অবস্থায় লিগ জিততে কী করতে হবে, জানে সিটি’
ম‍্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2026, 04:57 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

শীর্ষস্থান থেকে এখনও বড় ব্যবধানেই পিছিয়ে আছে ম্যানচেস্টার সিটি। তবে সবশেষ রাউন্ডে প্রতিপক্ষের পরাজয়, নিজেদের সাম্প্রতিক সময়ের বেশ ভালো পারফরম্যান্স এবং আগের কয়েক মৌসুমের শিরোপা লড়াইয়ের ঘটনাপ্রবাহ মিলিয়ে আবারও প্রিমিয়ার লিগের ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন দলটির কোচ পেপ গুয়ার্দিওলা।

লিগ টেবিলে বর্তমানে আর্সেনালের চেয়ে ৯ পয়েন্টে পিছিয়ে দুইয়ে আছে সিটি। গত শনিবার রাতে ব্যবধানটা ১২ পয়েন্ট করার সুযোগ ছিল আর্সেনালের সামনে; কিন্তু তারা উল্টো ঘরের মাঠে ২-১ গোলে হেরে গেছে বোর্নমাউথের বিপক্ষে।

সিটি অবশ্য দুই ম্যাচ কম খেলেছে। প্রিমিয়ার লিগে গত দুই রাউন্ডে ড্রসহ সবশেষ আট ম্যাচে অপরাজিত আছে পেপ গুয়ার্দিওলার দল। 

সাম্প্রতিক সময়ে নিজেদের ছন্দে এগিয়ে চলার পাশাপাশি গুয়ার্দিওলা যেন বেশি প্রেরণা পাচ্ছেন অতীতে তাদের অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়ে শিরোপা জয়ের ঘটনা থেকে। ২০২৩-২৪ আসরেই যেমন শেষ ৯ রাউন্ডে জিতে আর্সেনালকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছিল সিটি।

লিগে শনিবার হাইভোল্টেজ ম্যাচে চেলসির মুখোমুখি হবে সিটি। স্ট্যামফোর্ড ব্রিজে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি। আগের দিন আবার ঘুরে দাঁড়িয়ে শিরোপা জয়ের আশার কথা শোনালেন গুয়ার্দিওলা।

“প্রতিটা ম্যাচটা জিততে হবে এবং আগে আমরা এটা করেছিও।”

“তাই, আমরা আবারও তা করতে পারি এবং আমরা হয়তো জানিও যে, এমন পরিস্থিতিতে (শিরোপা জিততে) কী করতে হবে। গত মৌসুমের মতো আমরা এখন লিগ টেবিলের সপ্তম বা অষ্টম দল নই। আমরা দ্বিতীয় স্থানে আছি এবং শিরোপা জন্য লড়ছি।”

লিগে সিটির পারফরম্যান্সে যেমন উন্নতির আভাস মিলছে, সেখানে আর্সেনাল আবার যেন শেষভাগে এসে নিজেদের হারাতে বসেছে। গত তিন মৌসুমে প্রতিবার লিগের শুরুর ভাগে দারুণ পারফরম্যান্সের পর, শেষ ভাগে পথ হারিয়ে রানার্সআপ হয় মিকেল আর্তেতার দল। 

এবার যেমন লিগে টানা আট ম্যাচে অপরাজিত থাকার পর, বোর্নমাউথের বিপক্ষে হেরেছে আর্সেনাল, সব প্রতিযোগিতা মিলিয়ে গত চার ম্যাচে যা তাদের তৃতীয় পরাজয়। এই তিন পরাজয়ের আগের দুটিতে তারা লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারের পর, এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে সাউথ্যাম্পটনের বিপক্ষে হেরে যায়।

সবকিছু মিলিয়েই যেন আর্সেনালের যাত্রায় আরেকবার পথ হারিয়ে ফেলার আভাস আর তাতে বাড়ছে সিটির লিগ শিরোপা জয়ের সম্ভাবনা।

৩০ ম্যাচে ১৮ জয় ও সাত ড্রয়ে ৬১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। ৩২ ম্যাচ খেলে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।