Published : 14 Aug 2026, 04:47 PM
ওশেনিয়া ফুটবল কনফেডারেশন (ওএফসি) শুক্রবার জানিয়েছে, ভেস্তে যাওয়া বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা ‘রিভিউ’ করা নিয়ে ফিফার পদক্ষেপকে তারা স্বাগত জানিয়েছে। তবে এই আঞ্চলিক জোটের অবস্থানের বিরুদ্ধে গিয়ে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করে নিয়েছে নিউ জিল্যান্ড।
প্রবল চাপের মুখে থাকা ইনফান্তিনো প্রকাশ্য বিদ্রোহের মুখোমুখি হয়েছেন। তিনটি কনফেডারেশন—উয়েফা, এএফসি এবং কনক্যাকাফ—তার নেতৃত্ব পর্যালোচনার আহ্বান জানিয়েছে এবং বিশ্বকাপ ও অন্যান্য ফিফা প্রতিযোগিতায় বেসরকারি বিনিয়োগ আনার ব্যর্থ প্রচেষ্টায় তার আচরণের সমালোচনা করেছে।
সব মিলিয়ে। আগামী বছর পুনর্নির্বাচন প্রত্যাশী ইনফান্তিনোর অবস্থান এখন টালমাটাল। তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার আলোচনাও ছিল।
তবে কিছু কনফেডারেশনকে তিনি পাশেও পেয়েছেন। সেখানে নবতম সংযোজন ওএফসি। ১১টি পূর্ণ সদস্য নিয়ে ফুটবলের ক্ষুদ্রতম কনফেডারেশনটি বলছে, বুধবারের এক বৈঠকে বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা নিয়ে তারা আলোচনা করেছেন। ফিফার নেতৃত্বের কারণে এই অঞ্চল উপকৃত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে তাদের পক্ষ থেকে।
বিবৃতিতে ওএফসি বলছে, “এফএফই (ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ) প্রস্তাব প্রত্যাহারের সিদ্ধান্ত এবং এই প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত বিষয়গুলো পর্যালোচনার প্রতিশ্রুতিকে স্বাগত জানায় ওএফসি কার্যনির্বাহী কমিটি। ফিফার নেতৃত্বে গত দশকে ওশেনিয়ায় ফুটবল উন্নয়নে অর্জিত অগ্রগতিকে স্বীকৃতি দেয় ওএফসি এবং এই পর্যালোচনাকে একটি সুযোগ হিসেবে ব্যবহার করে ফিফাকে প্রয়োজনীয় যেকোনো পরিবর্তন চিহ্নিত ও বাস্তবায়ন করতে উৎসাহিত করে।”
তবে এবারের বিশ্বকাপে জায়গা করে নেওয়া ওশেনিয়ার একমাত্র দেশ নিউ জিল্যান্ড জানিয়েছে যে, তারা আগামী বছরের ফিফা কংগ্রেসে ইনফান্তিনোর নির্বাচনের প্রচেষ্টা থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে।
সঙ্গে তারা যোগ করেছে, “এছাড়াও ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ স্কিমটি বিকাশের জন্য গৃহীত পদক্ষেপগুলোর একটি স্বাধীন পর্যালোচনাও চাইছে এনজেডএফ (নিউ জিল্যান্ড ফুটবল)। গভীর বিবেচনার পর, এনজেডএফ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ফিফার অভ্যন্তরীণ সিদ্ধান্ত ও কর্মকাণ্ড আন্তর্জাতিক ফুটবলে আস্থার ভাঙন এবং বিভাজন বৃদ্ধিতে ভূমিকা রেখেছে এবং আস্থা ও বিশ্বাস পুনরুদ্ধারের জন্য একটি স্বাধীন পর্যালোচনা প্রয়োজন।”
ইনফান্তিনোর প্রত্যাহার করা প্রস্তাবে পরবর্তী অর্থ চক্রে সদস্য সংস্থাগুলোর জন্য ২ কোটি ডলারের একটি অনুদান অন্তর্ভুক্ত ছিল, যা চুক্তিতে স্বাক্ষর করলে দ্বিগুণ করার সুযোগ ছিল।
গত সপ্তাহে মরক্কোতে অনুষ্ঠিত একটি সংকটকালীন বৈঠকের পর ফিফা প্রস্তাবটি নিষ্পত্তির ক্ষেত্রে হওয়া ভুলের জন্য তাদের ২১১টি সদস্য সংগঠনের কাছে ক্ষমা চেয়েছে এবং জানিয়েছে যে, সংস্থাটির নেতৃত্ব ইনফান্তিনোকে পূর্ণ সমর্থন করে।