২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ার ‘সেরা প্রজন্ম’কে হারাতে আত্মবিশ্বাসী ব্রাজিল কোচ

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের ফল নিজেদের পক্ষে আনার ব্যাপারে আশাবাদী দরিভাল জুনিয়র।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2024, 12:35 PM

Updated : 26 Aug 2026, 09:54 AM

দুই ম্যাচে একটি করে জয়-পরাজয়। গ্রুপ চ্যাম্পিয়ন হতে কলম্বিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই ব্রাজিলের। ওই ম্যাচে কঠিন লড়াইয়ের ব্যাপারে সতর্ক দরিভাল জুনিয়র। তবে ফল পক্ষে আনার ব্যাপারে আশাবাদী ব্রাজিল কোচ। 

কোপা আমেরিকায় কোস্টা রিকার বিপক্ষে গোলশূন্য ড্রয়ে যাত্রা শুরুর পর প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এখনও কোয়ার্টার-ফাইনালের টিকেটের অপেক্ষায় রয়েছে তারা। 

ক্যালিফোর্নিয়ায় ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে বুধবার বাংলাদেশ সময় ৭টায় কলম্বিয়ার মুখোমুখি হবে ২০১৯ সালের কোপা চ্যাম্পিয়নরা। এই ম্যাচ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে ব্রাজিল। ড্র করলে পাবে সেরা আটের টিকেট। 

এমনকি অন্য ম্যাচের ফল পক্ষে এলে, হেরে গেলেও কোয়ার্টার-ফাইনাল খেলার সুযোগ পেতে পারে দরিভালের দল। 

এমনিতে অন্য যে কোনো সময় কলম্বিয়া বা যে কোনো দলের বিপক্ষে পরিষ্কার ফেভারিট বলে দেওয়া যেত ব্রাজিলকে। কিন্তু গত নভেম্বর থেকে চেনা ছন্দে নেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 

এই সময়ে ৮ ম্যাচে তাদের জয় ৩টি, ড্র হয়েছে আরও ৩ ম্যাচ। কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে হেরেই গেছে তারা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে কলম্বিয়া।

ওই জয়সহ সব মিলিয়ে টানা ২৫ ম্যাচ ধরে অপরাজিত কলম্বিয়া। হামেস রদ্রিগেস, লুইস দিয়াসদের সামর্থ্য সম্পর্কে সচেতন ব্রাজিল কোচ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দরিভাল জানালেন, সম্ভাব্য সুযোগগুলো কাজে লাগাতে চান তারা। 

“আমি মনে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিই কলম্বিয়ান ফুটবলারদের সেরা প্রজন্ম। বিশ্বের বড় বড় দলে খেলা ফুটবলার আছে তাদের। বেশ কয়েকজন আমাদের দেশেও (ব্রাজিল) খেলে।”

“কোনো সন্দেহ নেই, আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ হবে। হয়তো তেমন উন্মুক্ত খেলা হবে না। কারণ রক্ষণের দিকে বেশি নজর থাকবে দুই দলের। তবে আমি মনে করি, ভালো সুযোগ আসতে পারে ম্যাচে। আশা করি, এর সেরাটা আমরা নিতে পারব।”

যুক্তরাষ্ট্রকে হারিয়ে ‘সি’ গ্রুপ চ‍্যাম্পিয়ন হিসেবে শেষ আট নিশ্চিত করেছে উরুগুয়ে। বলিভিয়াকে হারিয়ে রানার্সআপ হয়ে শেষ আটে এসেছে পানামা। 

ছন্দে থাকা উরুগুয়েকে এড়াতে ‘ডি’ গ্রুপ শ্রেষ্ঠত্বের দিকেই নজর থাকার কথা ব্রাজিল ও কলম্বিয়ার। সে কারণেই হয়তো কার্ডজনিত নিষেধাজ্ঞার শঙ্কায় থাকা এদের মিলিতাও, ভিনিসিউস জুনিয়র, লুকাস পাকেতাদের বিশ্রাম দেওয়ার কথা ভাবনা নেই ব্রাজিল কোচের।