২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনা সমর্থকদের জন্য অনেক আনন্দ বয়ে আনতে চান ওলমো

১০ বছর পর বার্সেলোনায় ফেরাটা স্প্যানিশ ফরোয়ার্ডের কাছে খুবই স্পেশাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2024, 09:03 PM

Updated : 26 Aug 2026, 10:16 AM

এক দশক পর শৈশবের ক্লাবে ফিরে দারুণ উচ্ছ্বসিত দানি ওলমো। বললেন, বার্সেলোনায় ফেরাটা সবসময়ই তার স্বপ্ন ছিল। ২৬ বছর বয়সী এই স্প্যানিশ ফরোয়ার্ডের বিশ্বাস, কাতালান দলটির জার্সিতে সমর্থকদের জন্য অনেক উদযাপনের উপলক্ষ এনে দিতে পারবেন তিনি।

জার্মান ক্লাব লাইপজিগ ছেড়ে ছয় বছরের চুক্তিতে গত শুক্রবার বার্সেলোনায় যোগ দেন স্পেনের ইউরো জয়ী ফুটবলার ওলমো। তার বেড়ে ওঠা বার্সেলোনাতেই। ২০০৭ সালে এস্পানিওল থেকে বার্সেলোনার একাডেমিতে যোগ দেন তিনি। যুব পর্যায়ে সেখানে কাটান সাত বছর। এরপর ক্রোয়েশিয়ার ক্লাব দিনামো জাগরেব হয়ে লাইপজিগে পাড়ি জমান তিনি।

বার্সেলোনার ওয়েবসাইটে বৃহস্পতিবার ওলমো বললেন, শৈশবের ক্লাবে ফেরার প্রস্তাব পেয়ে দুবার ভাবতে হয়নি তাকে।

“বার্সায় ফিরে আসাটা একটা স্বপ্ন ছিল। আমার সামনে অন্য কোথাও যাওয়ার সুযোগ ছিল। কিন্তু ক্লাব যেভাবে আমাকে দলে নেওয়ার দিকে এগিয়েছে, আমাকে দুবার ভাবতে হয়নি। বার্সা আমার ঘর। এখানে আমার কাছের বন্ধুরা আছে এবং এখানে ফিরে আসাটা খুবই স্পেশাল।”

“আমি এই জার্সিতে ঐতিহাসিক মুহূর্ত উপভোগ করার আশায় আছি, এটাই আমার স্বপ্ন। কাম্প নউয়ে ফিরে আসাটা একটা অনুপ্রেরণা। এই মাঠে শুধুমাত্র একবার খেলার সুযোগ পেয়েছি, কিন্তু এখন আমি সেখানে আবার খেলতে পারব। আশা করি, অনেক আনন্দ পাব। আমাদের দারুণ একটি দল আছে এবং আমাদের সমর্থকদের জন্য অনেক আনন্দ বয়ে আনতে পারব।”

আগামী শনিবার ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা অভিযান শুরু করবে হান্সি ফ্লিকের বার্সেলোনা।

কাম্প নউয়ে ফিরবে তারা আগামী ডিসেম্বরে। স্টেডিয়ামটির সংস্কার কাজের জন্য গত মৌসুম থেকে বার্সেলোনা তাদের হোম ম্যাচগুলো খেলছে অলিম্পিক স্টেডিয়ামে।