ইউনাইটেডের সেই দিনগুলো এখনও মিস করেন ফার্গুসন
কিংবদন্তি কোচ বললেন, মাঝেমধ্যেই তিনি ভাবেন সেই সময়ের কথা।
সাফল্যে ভরা কোচিং ক্যারিয়ারের ইতি টেনেছেন ১১ বছর হয়ে গেল। কিন্তু এখনও সেই সময়ের স্মৃতি স্যার অ্যালেক্স ফার্গুসনের মনকে নাড়া দেয়। মাঝেমধ্যে সেই গুরুদায়িত্বটার অভাবও বোধ করেন কিংবদন্তি কোচ।
২০১২-১৩ মৌসুমে নগর প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে প্রিমিয়ার লিগ শিরোপা পুনরুদ্ধারের পর কোচিং থেকে সরে দাঁড়ান ফার্গুসন। বিবিসিতে শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি যেন ফিরে গেলেন সেই সময়ে। বললেন, মাঝেমধ্যেই তিনি ভাবেন সেই দায়িত্বের কথা, ডাগআউটে ব্যস্ত সময়ের কথা।
“হ্যাঁ, মাঝেমধ্যেই এটা মিস করি। অবসরের পরের বছর মনে হয়, আমি ইউরোপিয়ান ফাইনালে গিয়েছিলাম এবং আমার স্ত্রী ক্যাথিকে বলেছিলাম: ‘আমি ঠিক এটার অভাব বোধ করি-বড় ম্যাচ, ইউরোপিয়ান ম্যাচ।’”
“এরপর আমি প্রায় সব ইউরোপিয়ান ফাইনালে গিয়েছি, কারণ ওই ম্যাচগুলোর সঙ্গে আমি নিজের জীবনের কিছুটা সম্পৃক্ত করতে পারি, যে কাজটা আমি প্রতিদিন করতে ভালোবাসতাম। কারণ, এই বড় লড়াইগুলোতে ইউনাইটেডের থাকা উচিত।”
ইংলিশ ফুটবলের ইতিহাসে এখনও ফার্গুসনই সফলতম কোচ হয়ে আছেন। ইউনাইটেডে ২৭ বছরের কোচিং ক্যারিয়ারে ১৩টি লিগ শিরোপা, দুটি চ্যাম্পিয়ন্স লিগ, পাঁচটি এফএ কাপ ও চারটি লিগ শিরোপা জিতেছেন তিনি।
কিংবদন্তি চলে যাওয়ার পর পথ হারিয়ে ফেলে ইউনাইটেডও। একের পর এক কোচ বদলেও সাফল্যের কক্ষপথে আর ফিরতে পারেনি তারা।
ডেভিড ময়েস, লুই ফন খাল, জোসে মরিনিয়ো, উলে গুনার সুলশার এবং বর্তমানের এরিক টেন হাগের কোচিংয়ে দলটির সবচেয়ে বড় সমস্যা বারবার ফুটে উঠেছে অধারাবাহিকতা। এই ১১ বছরে একবারও প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হতে পারেনি দলটি, ইদানিং তো শিরোপার জন্য লড়াইও করতে পারে না তারা। গত মৌসুমেই যেমন অষ্টম হয়ে লিগ শেষ করে ইউনাইটেড।
এবারের প্রিমিয়ার লিগেও শুরুটা ভালো হয়নি ইউনাইটেডের। চার ম্যাচ খেলে জিততে পেরেছে দুটিতে। পরের ম্যাচে আগামী শনিবার তারা খেলবে ক্রিস্টাল প্যালেসের মাঠে।
