‘ক্লাব বিশ্বকাপ জিতলেও ম্যানচেস্টার সিটির মৌসুমের হতাশা ঢাকবে না’
তবে এই মুহূর্তে শিরোপা জয় নিয়ে না ভেবে ম্যাচ ধরে এগিয়ে যাওয়ায় মনোযোগ দিচ্ছেন পেপ গুয়ার্দিওলা।
ঘরোয়া ফুটবল কিংবা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, এবার সবখানেই ভীষণ বাজে সময় কেটেছে ম্যানচেস্টার সিটির। কোচ পেপ গুয়ার্দিওলার মতে, সেসব ব্যর্থতা এতটাই বড় যে, চলতি ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতলেও সেই হতাশা দূর হবে না।
২০২৪-২৫ মৌসুমে টানা পঞ্চমবারের মতো প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের হাতছানিতে নেমে, শেষ পর্যন্ত কোনোমতে তৃতীয় হয় সিটি। লিগ কাপের চতুর্থ রাউন্ডে পরাজয়ের পর, চ্যাম্পিয়ন্স লিগে উঠতে পারেনি শেষ ষোলোতেও।
শিরোপাশূন্য মৌসুমে একটা সাফল্যের সম্ভাবনা অবশ্য জেগেছিল; কিন্তু সেটাও পারেনি তারা। এফএ কাপের ফাইনালে উঠে হেরে যায় ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে।
চলতি ৩২ দলের ক্লাব বিশ্বকাপে শুরুটা অবশ্য ভালোই করেছে সিটি। অভিযান শুরুর ম্যাচে মরক্কোর ক্লাব উইদাদ এসিকে ২-০ গোলে হারিয়েছে তারা।
পরের ম্যাচে বাংলাদেশ সময় সোমবার সকালে আরব আমিরাতের ক্লাব আল আইনের মুখোমুখি হবে সিটি। আগের দিন সংবাদ সম্মেলনেও গুয়ার্দিওলার কণ্ঠে ঝরল বাজে মৌসুম কাটানোর হতাশা।
“অনেকবার বলেছি, মৌসুমটা আমাদের ভালো কাটেনি। এই প্রতিযোগিতার শিরোপা জিতলেও সেটা পাল্টে যাবে না। তবে এই মূহূর্তে আমার মনোযোগ এই প্রতিযোগিতা জয়ের ওপর নয়। বরং এখানে আমাদের সময়টা (যতটা সম্ভব) দীর্ঘায়িত করতে, বেশি সময় থাকতে চাই।”
কোচ হিসেবে পূর্বে চারবার ক্লাব বিশ্বকাপ জয়ের সুখম্মৃতি আছে পেপ গুয়ার্দিওলার। এর মধ্যে একবার ম্যানচেস্টার সিটির হয়ে, ২০২৩ সালে। তবে সেগুলো সবই প্রতিযোগিতাটির পুরনো ফরম্যাটে। এবারই প্রথম ৩২ দলের অংশগ্রহণে হচ্ছে টুর্নামেন্টটি।
আল-আইনকে হারাতে পারলেই নকআউট পর্বে উঠে যাবে সিটি। ৩ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের দুইয়ে আছে তারা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে ইউভেন্তুস।
বাংলাদেশ সময় রোববার রাত ১০ টায় উইদাদের মুখোমুখি হবে ইউভেন্তুস। ম্যাচটি জিতলে শেষ ষোলোয় উঠে যাবে ইতালিয়ান দলটিও।
