সেঞ্চুরি পেরিয়ে ভিনিসিউস তাকিয়ে রোনালদোর রেকর্ডে
কিংবদন্তি রোনালদোর গোলের রেকর্ড টপকে রেয়াল মাদ্রিদের জার্সিতে সফলতম ব্রাজিলিয়ান হতে চান ভিনিসিউস জুনিয়র
সেঞ্চুরি পূরণ করতে প্রয়োজন ছিল একটি গোলের। ভিনিসিউস জুনিয়র করলেন দুটি। মাইলফলক ছোঁয়ার পর এখন তার দৃষ্টি রোনালদোর রেকর্ডে। কিংবদন্তি স্ট্রাইটারকে টপকে রেয়াল মাদ্রিদের জার্সিতে সফলতম ব্রাজিলিয়ান হতে চান ক্লাবের এই সময়ের তারকা।
চ্যাম্পিয়ন্স লিগে বুধবার সালসবুর্কের বিপক্ষে রেয়াল মাদ্রিদের ৫-১ গোলের জয়ে জোড়া গোল করেন ভিনিসিউস।
আরেক ব্রাজিলিয়ান রদ্রিগোর জোড়া গোলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল রেয়াল। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান কিলিয়ান এমবাপে। পরে দারুণ দুটি ফিনিশিংয়ে গোল করেন ভিনিসিউস।
প্রথম গোলটি করেন তিনি লুকা মদ্রিচের পাস থেকে প্রতিপক্ষের তিন জনের মাঝ দিয়ে। পরের গোলেও ফুটে ওঠে তার দুর্দান্ত স্কিল।
রেয়াল মাদ্রিদের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ভিনিসিউসের গোল হলো এখন ১০১টি। রোনালদোর কীর্তি ছুঁতে তার প্রয়োজন আর তিন গোল।
২০০২ থেকে ২০০৭ পর্যন্ত রেয়ালে খেলে রোনালদোর গোল ১০৪টি। এখানে অবশ্য নিজের সেরা চেহারায় কম সময়ই থাকতে পেরেছেন তিনি। পুরো ক্যারিয়ারের মতো এই ক্লাবেও চোটাঘাত তাকে ভুগিয়েছে অনেক। তারপরও স্প্যানিশ ক্লাবটির হয়ে এখনও পর্যন্ত সফলতম ব্রাজিলিয়ান ফুটবলার তিনি।
তাকে এখন ছাড়িয়ে যেতে চান ভিনিসিউস।
“এই জার্সিতে গোল করতে পারলেই খুশি থাকি আমি। এই জার্সিতে সবচেয়ে বেশি গোল করা ব্রাজিলিয়ান রোনালদো। তার চেয়ে তিন গোল পিছিয়ে আছি। আশা করি, আরও গোল করতে পারব আমি।”
রেয়ালের হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তিনি। গোল করেছেন দুটিরই ফাইনালে। এছাড়াও তিনটি লা লিগাসহ মোট ১৪ ট্রফি তিনি জিতে ফেলেছেন ২৪ বছর বয়সেই।
