রেয়াল মাদ্রিদকে ‘না’ বলে বার্সেলোনার ‘দিকে তাকিয়ে’ রদ্রি
স্প্যানিশ গণমাধ্যমগুলোর খবর, ইউরোপের সফলতম ক্লাবের সঙ্গে আলোচনার ইতি টেনে লা লিগা চ্যাম্পিয়নদের সঙ্গে কথা শুরু করেছেন তারকা মিডফিল্ডার।
কোনোভাবেই বার্সেলোনার অগ্রাধিকার একজন মিডফিল্ডার নন। রবের্ত লেভানদোফস্কির বিদায়ের পর মূলত একজন স্ট্রাইকার খুঁজছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। একজন সেন্টার-ব্যাকের সন্ধানেও আছে তারা। কিন্তু এরপরও যখন রদ্রির মতো একজনকে দলে নেওয়ার সুযোগ এসে যায়, তখন সেটাকে গুরুত্ব না দেওয়াও কঠিন!
নতুন মৌসুম শুরুর আগে স্পেনের বিশ্বকাপ জয়ী অধিনায়কের দলবদল নিয়ে আলোচনা চলছে। ম্যানচেস্টার সিটি ছেড়ে রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েই কথা হচ্ছিল বেশি।
তবে স্প্যানিশ ক্রীড়া পত্রিকাগুলো বৃহস্পতিবার জানায়, ইউরোপের সফলতম ক্লাব রেয়ালের সঙ্গে ভেঙে গেছে রদ্রির আলোচনা। গত বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী মিডফিল্ডার নাকি বার্সেলোনায় যোগ দিতে আগ্রহী।
কিছু দিন ধরেই রেয়ালের সঙ্গে কথা হচ্ছিল রদ্রির। তবে সান্তিয়াগো বের্নাবেউয়ে যাওয়ার ব্যাপারে কখনও পুরোপুরি সায় দেননি তিনি। এরই মধ্যে নিজের চূড়ান্ত সিদ্ধান্ত মাদ্রিদের ক্লাবকে জানিয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। সেটি মেনেও নিয়েছে রেয়াল।
স্প্যানিশ গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, রেয়ালের সঙ্গে সবশেষ আলোচনায় বার্সেলোনায় যোগ দিতে চাওয়ার পেছনের কারণগুলো স্পষ্ট করেন রদ্রি। সিটিতে পেপ গুয়ার্দিওলার কোচিংয়ে যে ঘরানার ফুটবল তিনি খেলেন, সেটা হান্সি ফ্লিকের বার্সেলোনায় খুবই মানানসই। স্পেন জাতীয় দলে যে ভূমিকায় তিনি খেলেন, কাম্প নউয়ে সেই ভূমিকাতেই খেলতে পারবেন তিনি।
বার্সেলোনার অনেক খেলোয়াড়ই স্পেন জাতীয় দলে খেলেন। তাদের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক ও গুয়ার্দিওলার প্রভাবেরও একটা ভূমিকা আছে এতে।
সিটিতে এই মৌসুম দিয়ে শেষ হবে রদ্রির চুক্তি। নতুন চুক্তি না হলে আগামী বছর ফ্রি এজেন্ট হিসেবে ইতিহাদ স্টেডিয়াম ছাড়তে পারবেন তিনি। তবে এই মৌসুমেই তিনি স্পেনে ফিরতে চান। তাকে পেতে ৬ কোটি ইউরোর মতো খরচ হতে পারে বার্সেলোনার।
