দলের ভেতর তাড়না না দেখে হতাশ এমবাপে
এমবাপে দুটি গোল করলেও বেনফিকার কাছে ৪-২ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগে প্লে-অফ খেলতে হবে রেয়াল মাদ্রিদকে।
দুটি গোল করেছেন কিলিয়ান এমবাপে। সুযোগ পেয়েছেন আরও। কিন্তু কাজে লাগাতে পারেননি। তার সতীর্থরা পারেননি কিছুই। চরম হতাশাজনক পরাজয়ের পর এই ফরোয়ার্ড কাঠগড়ায় তুললেন গোটা দলকেই। দলের ভেতর যথেষ্ট ক্ষুধা দিনি দেখতে পাননি এই ম্যাচে।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে বুধবার বেনফিকার কাছে ৪-২ গোলে হেরে যায় রেয়াল মাদ্রিদ। একদম শেষ সময়ে প্রতিপক্ষ গোলকিপারের গোলে চূড়ান্ত সর্বনাশ হয় রেয়ালের। সরাসরি নকআউটে ওঠার বদলে তাদেরকে খেলতে হবে প্লে-অফে।
শক্তি-সামর্থ্যে, ধারে-ভারে রেয়ালের কাছে পাত্তাও পাওয়ার কথা নয় বেনফিকার। কিন্তু পর্তুগিজ দলটি কোথায় এগিয়ে ছিল, ম্যাচের পর সেটিই তুলে ধরলেন এমবাপে।
“মানের ব্যাপার এটি নয়, কৌশলের ব্যাপারও নয়। ব্যাপারটি হলো তাড়নার, প্রতিপক্ষের চেয়ে বেশি তাড়না থাকা। আপনারা দেখতেই পাচ্ছিলেন, বেনফিকা ছিল মরিয়া, আমাদের মধ্যে সেটা দেখা যায়নি। খেলার আগে দুই দলের লক্ষ্য ছিল। আমাদের চাওয়া ছিল সেরা আটে থাকা, বেনফিকার সেরা চব্বিশে থাকা। তাদের মধ্যে ক্ষুধাটা ছিল, আমাদের ছিল না।”
প্লে-অফে খেলা মানে দুটি সপ্তাহের বাড়তি ব্যস্ততা, সেটি ভেবেও বিরক্ত এমবাপে।
“আমার পরিষ্কার কোনো ব্যাখ্যা নেই। আমরা ধারাবাহিক হতে পারছি না। এই সমস্যার সমাধান করতে হবে। এক দিন আমরা পারছি, আরেকদিন পারছি না, এটা হতে পারে না। চ্যাম্পিয়নদের দল এরকম করে না।”
“আরও দুটি ম্যাচ খেলতে হবে আমাদের (নকআউটে যেতে) এবং সেটা আমাদের জন্য হতাশার। আমরা চেয়েছিলাম, ফেব্রুয়ারিতে যেন একটু ফাঁকা সময় পাই, যাতে নিজেদের খেলা নিয়ে কাজ করতে পারি। অথচ এখন আমাদেরকে প্লে-অফ খেলতে হবে।”
রেয়ালের কোচ আলভারো আরবেলোয়া দলের ভেতর ঘাটতি দেখেছেন বেশি কিছু।
“অবশ্যই আমাদের খুশি হওয়ার কোনো কারণ নেই। আমরা জানতাম ম্যাচ থেকে আমাদেরকে কী পেতে হবে, কিন্তু আমরা সেই উপলক্ষটায় জ্বলে উঠতে পারিনি।”
“পরাজয়ের একটি কারণ বলতে পারলে ভালো লাগত। তবে কারণ ছিল অনেকগুলো, বল দখলের লড়াইয়ে ব্যর্থতা, বল পায়ে ও বল ছাড়া সমস্যা… সব মিলিয়ে আমাদের যেমনটি থাকা উচিত, তা থেকে অনেক দূরে ছিলাম আমরা।”
