ম্যানচেস্টার সিটিকে আবার হারিয়ে দিল ব্রাইটন
গোল করেও ‘সেঞ্চুরির’ উপলক্ষকে জয়ে রাঙাতে পারলেন না আর্লিং হলান্ড।
বিশেষ মাইলফলক ছোঁয়ার উপলক্ষ গোল করে রাঙালেন আর্লিং হলান্ড। কিন্তু দিনটা এই তারকা ও তার দল ম্যানচেস্টার সিটির জন্য সুখকর হলো না। দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে স্মরণীয় জয় তুলে নিল ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন।
প্রতিপক্ষের মাঠে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে হেরেছে পেপ গুয়ার্দিওলার দল। জেমস মিলনার সমতা টানার পর, ব্রাইয়ান গ্রুদার গোলে জয়ের আনন্দে ভাসে ব্রাইটন।
প্রিমিয়ার লিগে এই নিয়ে ব্রাইটনের বিপক্ষে টানা তিনটিসহ সবশেষ ছয় ম্যাচের পাঁচটিতে হারল সিটি।
চলতি আসরের শুরুটা দুর্দান্ত হয় সিটির, উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে ৪-০ গোলে উড়িয়ে দেয় তারা। এরপরই গুয়ার্দিওলার দল হেরে বসে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ঘরের মাঠে। আর এবার ব্রাইটনের মাঠে।
তিন ম্যাচে ওই এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে ম্যানচেস্টার সিটি।
আগের দুই ম্যাচে জয়শূন্য ব্রাইটনকে শুরু থেকে চেপে ধরে সিটি। ৩৪তম মিনিটে এগিয়েও যায় তারা। ডি-বক্সে জটলার মধ্যে প্রতিপক্ষের একজনের দুই পায়ের ফাঁক দিয়ে ছোট করে সামনে বল বাড়ান ওমার মার্মাউশ, আর ছুটে গিয়ে কাছ থেকে বাঁ পায়ের শটে গোলটি করেন হলান্ড।
প্রিমিয়ার লিগে ১০০ ম্যাচে নরওয়ে তারকার গোল হলো ৮৮টি। ইংল্যান্ডের শীর্ষ লিগে সিটির জার্সিতে ১৭টি অ্যাসিস্টও করেছেন সময়ের সেরা স্ট্রাইকারদের একজন হলান্ড।
প্রিমিয়ার লিগের ইতিহাসে নিজের প্রথম ১০০ ম্যাচে হলান্ডের চেয়ে বেশি গোল করতে পারেননি কেউ।
প্রথমার্ধে গোলের জন্য সাতটি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পারা সিটির আক্রমণের ধার বিরতির পর কমে আসে। ৬৭তম মিনিটে গোল হজমও করে তারা।
সিটির ডি-বক্সে তাদের পর্তুগিজ মিডফিল্ডার মাথেউস নুনেসের হাতে বল লাগলে পেনাল্টি পায় স্বাগতিকরা। তা থেকেই সমতা টানেন ইংলিশ মিডফিল্ডার মিলনার।
প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে পেনাল্টিতে গোল করলেন মিলনার, ৩৯ বছর ২৩৯ দিন বয়সে। যে গোলরক্ষকের বিপক্ষে গোল করলেন তিনি, সেই জেমস ট্র্যাফোর্ডের জন্ম প্রিমিয়ার লিগে মিলনারের অভিষেকের (২০০২) এক মাস আগে।
চার মিনিট পর আবার সিটির রক্ষণে ভীতি ছড়ায় ব্রাইটন। ডি-বক্সের বাঁ দিক থেকে ইয়ানকুবার বাঁকানো শটটি দূরের পোস্টের বাইরে দিয়ে গেলে সেই যাত্রায় বেঁচে যায় সফরকারীরা।
সাত দিন আগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে মারাত্মক ভুলে সমালোচনার মুখে পড়া ট্র্যাফোর্ড ৮৮তম মিনিটে অসাধারণ এক সেভ করেন। তবে এর ৪৮ সেকেন্ড পর আর দলকে বাঁচাতে পারেননি তিনি।
সতীর্থ মিতোমার পাস ধরে, ডি-বক্সে এক ঝটকায় আগুয়ান গোলরক্ষক ট্র্যাফোর্ড ও এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ফাঁকা জালে বল পাঠান ব্রাইয়ান গ্রুদা।
এরপরও ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সময় ছিল সিটির সামনে; কিন্তু যোগ করা সাত মিনিটে তেমন কিছু করতে পারেনি তারা।
