Published : 24 Jul 2026, 03:10 PM
স্বাভাবিকের চেয়ে দ্রুতবেগে গাড়ি চালানোয় দুইবার থামানো হয়েছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ খেলা ফুটবলার ক্রিস্টিয়ান ভলপাটোকে এবং এই রাতেই তার বিরুদ্ধে কোকেইন নেওয়ার অভিযোগ উঠেছে।
সিডনির অ্যানজাক ব্রিজে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টায় প্রথমবার ২২ বছর বয়সী এই মিডফিল্ডারের বিএমডব্লিউ থামানো হয়। পুলিশ জানিয়েছে, তখন তিনি ঘণ্টায় ৮৬-৯৪ কিলোমিটার গতিতে গাড়ি চালাচ্ছিলেন, যেখানে নিয়ম অনুযায়ী, গাড়ির সর্বোচ্চ গতিবেগ হতে পারবে ঘণ্টায় ৬০ কিলোমিটার।
তখন তার শরীরে অ্যালকোহল বা মাদকের উপস্থিতি আছে কিনা জানতে ‘ব্রেথ টেস্ট’ করা হয়, যার ফল নেগেটিভ আসে।
দুই ঘণ্টা পর, আবার তার গাড়ি থামানো হয়, তখন তিনি ঘণ্টায় ১০৯ কিলোমিটার গতিতে গাড়ি চালাচ্ছিলেন, যেখানে গাড়ির সর্বোচ্চ গতিবেগ হতে পারবে ঘণ্টায় ৬০ কিলোমিটার।
নিউ সাউথ ওয়েলসের স্টেট পুলিশ জানিয়েছে, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোয় তাকে আইন লঙ্ঘনের নোটিশ দেওয়া হয় এবং তার গাড়ি চালানোর আন্তর্জাতিক লাইসেন্স ছয় মাসের জন্য স্থগিত করা হয়। ফলে, নিউ সাউথ ওয়েলসে তিনি গাড়ি চালাতে পারবেন না।
পুলিশ আরও জানিয়েছে, ভলপাটোর বিরুদ্ধে কোকেইন নেওয়ার অভিযোগের তদন্ত চলবে এবং পরবর্তী পরীক্ষা নিরীক্ষার জন্য ইতোমধ্যে তার মুখের লালা সংগ্রহ করা হয়েছে।
গত রোববার শেষ হওয়া এবারের ফুটবল বিশ্বকাপে অস্ট্রেলিয়ার চার ম্যাচের তিনটিতে খেলেন ভলপাটো। শেষ বত্রিশে মিশরের বিপক্ষে টাইব্রেকারে হেরে শেষ হয় অস্ট্রেলিয়ার যাত্রা।
ইতালির বয়সভিত্তিক দলে খেলা ভলপাটো পরে, সিনিয়র ফুটবলে অস্ট্রেলিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন এবং গত মে মাসেই এই অনুপতি পান তিনি। এর পরপরই, তাকে নিয়ে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে অস্ট্রেলিয়া।
২০২৩ সাল থেকে সেরি আর ক্লাব সাস্সুয়োলোর হয়ে খেলছেন ভলপাটো এবং গত মৌসুমে দলটির হয়ে ২৪টি লিগ ম্যাচ খেলেন তিনি। সেরি আয় ১১তম হয়ে মৌসুম শেষ করে সাস্সুয়োলো।