২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিশ্রাম নিতে’ জাতীয় দল ছেড়ে লিভারপুলে ফিরলেন ফন ডাইক

জাতীয় দলের সঙ্গে জার্মানিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2024, 06:05 PM

Updated : 26 Aug 2026, 10:39 AM

হাঙ্গেরির বিপক্ষে লাল কার্ড পাওয়ায় পরের ম্যাচে খেলতে না পারলেও দলের সঙ্গে থাকার কথা ভাবছিলেন নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ফন ডাইক। পরে অবশ্য ভাবনায় বদল এনে লিভারপুলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন অভিজ্ঞ এই ডিফেন্ডার।

ইংলিশ ক্লাব লিভারপুলের সামনের ব্যস্ত সময়ের কথা চিন্তা করে বাড়তি বিশ্রাম নিতে চান ফন ডাইক। তাই এখন আর দলের সঙ্গে জার্মানিতে যাবেন না তিনি। উয়েফা নেশন্স লিগের ম্যাচে আগামী সোমবার সাবেক বিশ্ব চ‍্যাম্পিয়নদের মুখোমুখি হবে ডাচরা। 

নেশন্স লিগে শুক্রবার হাঙ্গেরির বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের ম্যাচে লাল কার্ড দেখেন ফন ডাইক। জাতীয় দলের জার্সিতে ৭৭ ম্যাচ খেলে প্রথমবার এভাবে মাঠ ছাড়ার অভিজ্ঞতা হলো তার। দুই দফায় হলুদ কার্ড পেয়েছিলেন তিনি।

৩৩ বছর বয়সী এই ডিফেন্ডার প্রথমে বলেছিলেন, নিষেধাজ্ঞা থাকলেও সমর্থন দিতে দলের সঙ্গে থাকবেন তিনি।

“আমি অবশ্যই দলের সঙ্গে যাব। অন্তত, আমার জন্য এটা স্বাভাবিক। আজ রাতে ৮০ মিনিট খেলেছি, তাই প্রথমে আমাকে সেরে উঠতে হবে এবং আমি শুধু অধিনায়ক হিসেবে দলের সঙ্গে থাকতে চাই।”

যদিও পরে মন বদলে শনিবারই লিভারপুলের উদ্দেশে পাড়ি জমান ফন ডাইক। সামনে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ম্যাচ রয়েছে লিভারপুলের। আগামী তিন সপ্তাহে প্রিমিয়ার লিগে চেলসি, আর্সেনাল ও ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মুখোমুখি হবে তারা। লিগ কাপেও রয়েছে ব্রাইটনের বিপক্ষে লড়াই। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের বিপক্ষে খেলবে দলটি। 

সামনের ব্যস্ত সময়ের কথা চিন্তা করে কয়েকদিন বেশি বিশ্রাম নিতে চাওয়ার কথা বললেন লিভারপুল অধিনায়ক ফন ডাইক।

“জাতীয় দলের সমর্থন অব‍্যাহত রাখতে পারলে ভালো লাগত, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি বাড়ি ফিরে যাওয়ার। আমাদের যে সব ম্যাচ খেলতে হবে, সেই সব সফর নিয়ে অনেক আলোচনা হয়েছে। একটু বিশ্রাম নেওয়ার জন্য এটা ভালো সময়।”