২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশমের বিশ্বাস, ‘কার্যকর হতে সব কিছু করবে এমবাপে’

নিজেকে খুঁজে ফেরা অধিনায়ক কিলিয়ান এমবাপের প্রতি পূর্ণ আস্থা আছে ফ্রান্স কোচ দিদিয়ে দেশমের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2024, 08:29 AM

Updated : 26 Aug 2026, 09:57 AM

চার ম্যাচে গোল মাত্র একটি, সেটাও পেনাল্টি থেকে। সবশেষ ম্যাচে পুরো সময় মাঠেও থাকতে পারেননি কিলিয়ান এমবাপে। সব মিলিয়ে এবারের ইউরো জুড়েই নিষ্প্রভ তিনি। তবে অধিনায়ককে ঘিরে আশা হারাতে রাজি নন দিদিয়ে দেশম। দলে ভূমিকা রাখতে সামনের দিনগুলোতে এমবাপে সর্বোচ্চটাই দেবেন, বিশ্বাস ফ্রান্স কোচের। 

এমবাপের ছন্দহীনতার মাঝেও অবশ্য থেমে নেই ফ্রান্সের ছুটে চলা। খেলার ধরন বা মন জুড়ানো ফুটবল খেলতে না পারা নিয়ে প্রশ্ন উঠলেও, একের পর এক বাধা টপকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে দেশমের দল। 

গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই নাকে আঘাত পেয়ে মাঠ ছাড়েন এমবাপে। পরে জানা যায়, ভেঙে গেছে তার নাক। তবে মাস্ক পরে খেলার সিদ্ধান্ত নেন তিনি।

পুরোপুরি সুস্থ না হওয়ায় নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খেলা হয়নি ২৫ বছর বয়সী ফরোয়ার্ডের। পরে পোল্যান্ড ম্যাচে পেনাল্টি থেকে করেন টুর্নামেন্টে এখন পর্যন্ত নিজের একমাত্র গোল। 

নকআউট পর্বে বেলজিয়াম ও পর্তুগালের বিপক্ষেও শুরু থেকে খেলেন এমবাপে। কিন্তু চেনা ছন্দে দেখা যায়নি তাকে। কোয়ার্টার-ফাইনালে পর্তুগালের বিপক্ষে মুখের কাছে বলের আঘাত পান এমবাপে। 

সেদিন মূল ম্যাচ গোলশূন্য ড্র থাকার পর অতিরিক্ত সময়ের ১৫ মিনিট পর তাকে উঠিয়ে নেন কোচ। ওই ম্যাচের পর সংবাদমাধ্যমে এমবাপেকে উঠিয়ে নেওয়ার কারণ পরিষ্কার করেন দেশম। 

‘ক্লান্ত’ এমবাপেকে সেমি-ফাইনালে দেখা যাবে কিনা, সেই প্রশ্ন উঠল সোমবারের সংবাদ সম্মেলনে। অধিনায়কের সবশেষ অবস্থা জানিয়ে ইতিবাচক উত্তর দেন দেশম। 

"(কোয়ার্টার-ফাইনালে) ১১০ মিনিট (আসলে ১০৫) পর সে উঠে আসে। ততক্ষণে পরিষ্কার হয়ে যায়, ওই ম্যাচে খেলা চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হয়ে উঠেছিল। ওই সময় তার ক্লান্ত অবস্থায় মাঠে থাকার কোনো অর্থ ছিল না।"

"তার সেরে ওঠা নিশ্চিত করতে আমরা সবকিছু করেছি এবং আমি নিশ্চিত সে শুরু থেকেই খেলার জন্য পুরোপুরি তৈরি।"

গ্রুপ পর্ব শেষ হওয়ার পর থেকে নিয়মিতই এমবাপের ছন্দে ফেরা নিয়ে আশাবাদী মন্তব্য করছেন দেশম। কিন্তু নকআউটের দুই ম্যাচে তেমন কিছু করে দেখাতে পারেননি বিশ্বকাপ জয়ী তারকা। তবু দলের সেরা ফুটবলারের প্রতি পূর্ণ আস্থা ফ্রান্স কোচের।

"বিষয়টা (ছন্দহীনতা) শুধু সবশেষ ম্যাচ নিয়ে নয়। এর আগেও তাকে অনেক কিছু মোকাবিলা করতে হয়েছে, লিগ মৌসুমের শেষ দিক পিঠের সমস্যা, (নাকের কারণে) ভোগান্তি। তার তো এই টুর্নামেন্ট শেষই হয়ে যেতে পারত।"

"তাকে এই সব বাধা পার করে আসতে হয়েছে, নতুন অবস্থার সঙ্গে মানিয়ে নিতে হয়েছে। তবে আমি জানি, যতটা সম্ভব কার্যকর হওয়ার জন্য সে সব কিছু করবে।" 

মিউনিখে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত একটায় ফাইনালে ওঠার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স।