২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুনিল ছেত্রির ওপর বাড়তি নজর দিতে হবে’

মালদ্বীপের বিপক্ষে ভারতের সবশেষ প্রীতি ম্যাচের উদাহরণ টেনে তপু বর্মন তুলে ধরলেন প্রতিপক্ষের তারকা ফরোয়ার্ড সুনিল ছেত্রিকে নিয়ে তাদের ভাবনা।

‘সুনিল ছেত্রির ওপর বাড়তি নজর দিতে হবে’
অনুশীলনে বাংলাদেশ দল। ছবি: বাফুফে

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

শিলং থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2025, 08:41 PM

Updated : 26 Aug 2026, 12:20 PM

ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি যখন শুরু করে বাংলাদেশ, তখনও সুনিল ছেত্রি অবসরে। স্বাভাবিকভাবে হাভিয়ের কাবরেরার ভাবনায় ছিলেন না উপমহাদেশের এই কিংবদন্তি। প্রায় এক বছর পর অবসর ভেঙে ফিরলেন ছেত্রি। ভারতকে ভুলে যাওয়া জয়ের পথে ফেরালেন। বাংলাদেশের ভাবনায়, ছকেও এলো বদল। ডিফেন্ডার তপু বর্মন যেমন বললেন, ছেত্রির ওপর বাড়তি নজর দিতে হবে তাদের।

তা দেওয়ারই কথা। ভারতের সর্বোচ্চ গোলদাতা ছেত্রি। আন্তর্জাতিক ফুটবলের চতুর্থ সর্বোচ্চ (৯৫টি) গোলদাতা তিনি। মঙ্গলবার এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারত-বাংলাদেশ ম্যাচে স্বাগতিকদের আক্রমণভাগের নেতৃত্বে থাকবেন ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড।

চোটের থাবার ভারতের আক্রমণভাগের শক্তি ক্ষয় হয়েছে বেশ খানিকটা। কদিন আগে মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচের জয়ের আগ পর্যন্ত দলটি সবশেষ জিতেছিল ২০২৩ সালের নভেম্বরে, মানভির সিংয়ের গোলে। এবার দলের সাথে শিলংয়ে এসে অনুশীলনে নেমে চোট পেয়ে ছিটকে গেছেন তিনি। লালিয়ানজুয়ালা ছাংতেও চোটের হানায় হয়েছেন দলছুট। ছেত্রির ওপর তাই ভারতের নির্ভরতা থাকবে আরও বেশি।

ভারত ম্যাচের শেষ মুহূর্তের প্রস্তুতি শাণিয়ে নিতে রোববার শিলং স্পোর্টস অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে অনুশীলন করেছে বাংলাদেশ। নিশ্চিতভাবে এদিনের প্রস্তুতিতে ছেত্রিকে আটকানোর কৌশল আরও নিবিড়ভাবে রপ্ত করবেন তপু বর্মন, কাজী তারিক রায়হানরা। দলের প্রতিনিধি হয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে এসে তপুও তুলে ধরলেন ভারত ও ছেত্রিকে নিয়ে তাদের ভাবনা।

“ভারত দল সবসময় ভালো হয়। তাদের সকল খেলোয়াড় আইএসএল খেলে এসেছে। সুনিল ছেত্রির কথা বলি…সে অবসরে যাওয়ার পর কিন্তু ভারত ম্যাচ জেতেনি। সে দলের জন্য অনুপ্রেরণা। সে ফেরার পর কিন্তু ম্যাচ জিতেছে। তার ওপর বাড়তি নজর দিতে হবে।”

“অনেকগুলো ম্যাচই খেলেছি ভারতের সঙ্গে। এবারের ম্যাচ ব্যতিক্রম। কারণ, একটা হাইপ উঠেছে। বাংলাদেশের মানুষ ইতিবাচক, আমাদের দিকে তাকিয়ে আছে। বড় দয়িত্ব থাকবে আমার। সবচেয়ে বড় ব্যাপার হলো গোল হজম না করা, সে সঙ্গে দলকে উজ্জীবিত করা। আমার সঙ্গে (রক্ষণে) যে তিনজন থাকবে, তাদের নিয়ে ভালো একটা লড়াই দেওয়ার চেষ্টা করব।”

মালদ্বীপের বিপক্ষে সবশেষ ম্যাচে ছেত্রি জালের দেখা পেয়েছিলেন সেট-পিস থেকে। প্রস্তুতিতে সেট-পিস নিয়ে বিশেষভাবে কাজ করেছেন কাবরেরা। তপু অবশ্য প্রতিপক্ষের সেট-পিস আটকে দেওয়ার পাশাপাশি নিজের জন্য ভিন্ন এক লক্ষ্যও স্থির করেছেন।

“একমাস সময় পেয়েছি এ ম্যাচ খেলার আগে। সেট-পিস নিয়ে অনেক কাজ করেছি, অনেক মনোযোগী আমরা। ভারত মালদ্বীপের বিপক্ষে তিন গোলই করেছে সেট-প্লে থেকে। তাদের একাধিক খেলোয়াড় রয়েছে, যারা সেট-পিসে ভালো। জিঙ্গান, সুনিল, রাহুল ভেকের মতো খেলোয়াড় আছে। এ নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। ঘরোয়া ফুটবলে আমি গোল করেছি। যা আমাকে উজ্জীবিত করছে। চেষ্টা থাকবে দেশের হয়ে গোল করার।