১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এমবাপে-ভিনিসিউস-বেলিংহ‍্যামকে একসঙ্গে খেলানোর পথ খুঁজছেন মরিনিয়ো

সহজাত পজিশন না বদলে কীভাবে তিন তারকা খেলোয়াড়কে এক সঙ্গে খেলিয়ে সেরাটা বের করে আনা যায়, ভাবছেন রেয়াল মাদ্রিদ কোচ।

এমবাপে-ভিনিসিউস-বেলিংহ‍্যামকে একসঙ্গে খেলানোর পথ খুঁজছেন মরিনিয়ো
রেয়াল মাদ্রিদের অনুশীলনে সতীর্থদের সঙ্গে কিলিয়ান এমবাপে, ভিনিসিউস জুনিয়র ও জুড বেলিংহ‍্যাম। ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2026, 07:02 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

নতুন মৌসুম শুরুর আগে কঠিন এক প্রশ্নের সামনে দাঁড়িয়ে জোসে মরিনিয়ো। কিলিয়ান এমবাপে, ভিনিসিউস জুনিয়র ও জুড বেলিংহ‍্যামের সহজাত পজিশন না পাল্টে কীভাবে তাদের একসঙ্গে খেলিয়ে সেরাটা বের করে আনবেন তিনি? উত্তরটা আপাতত সময়ের হাতে তোলা। তবে অভিজ্ঞ কোচ আশাবাদী, এই ত্রয়ীর সৌজন‍্যে দারুণ একটি মৌসুম কাটাবে রেয়াল মাদ্রিদ।     

এস্পানিওলের বিপক্ষে ম‍্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে ইউরোপের সফলতম ক্লাব রেয়াল। এর আগের দিন শুক্রবার দীর্ঘ সংবাদ সম্মেলনে নানা বিষয়ে কথা বললেন দ্বিতীয় মেয়াদে সান্তিয়াগো বের্নাবেউয়ে ফেরা মরিনিয়ো। 

ব্রাজিল দলে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস‍্য ভিনিসিউস। কয়েক বছর ধরে ফ্রান্স দল সাজানো হচ্ছে এমবাপেকে ঘিরে। ইংল‍্যান্ড দলে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন বেলিংহ‍্যাম। তাদের উঁচু মান আশা দেখাচ্ছে মরিনিয়োকে। অভিজ্ঞ পর্তুগিজ কোচ আত্মবিশ্বাসী তিন জনের সৌজন‍্যে রেয়ালকে কক্ষপথে ফেরাতে পারবেন তিনি। 

“তারা অসাধারণ খেলোয়াড়। তারা অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে খেলতে চায়। শীর্ষ মানের খেলোয়াড় নয়, এমন কারো সঙ্গে খেললে শীর্ষ খেলোয়াড়রা হতাশ হয়। 

“ট‍্যাকটিক‍্যালি তাদের একসঙ্গে খেলানো কঠিন হতে পারে। ভিনির জন‍্য নিখুঁত ব্রাজিল পেয়েছেন আনচেলত্তি, কিলিয়ানের জন‍্য পেয়েছেন দেশোঁ, জুডের জন‍্য টুখেল। কিন্তু এই তিন জনের জন‍্য নিখুঁত দল পাওয়া মরিনিয়োর জন‍্য অনেক কঠিন। তারা উঁচু মানের খেলোয়াড়। তাদের নিয়ে আমাদের দারুণ একটি মৌসুম কাটবে।” 

রেয়ালের আক্রমণভাগের খেলোয়াড়দের রক্ষণে সাহায‍্য না করা নিয়ে গত মৌসুমে প্রচুর কথা হয়েছে। সেই প্রসঙ্গ সামনে এলো আবারও। নিজের চাওয়া স্পষ্টই জানিয়েছেন মরিনিয়ো। তিনি বলেছেন, মাঠে পরিশ্রম করতে হবে সবাইকে, স্রেফ দাঁড়িয়ে থেকে কেউ বলের জন‍্য অপেক্ষা করবে সেটা হবে না।

“বিষয়টা আসলে নির্ভর করবে ম‍্যাচ ও প্রতিপক্ষের ওপর। আপনার ১১ জন নিয়ে ডিফেন্ড করতে হবে, এই কথার অর্থ কী? এটা অনেক কিছুই হতে পারে। যদি একটা দল আমাদের চেপে ধরে এবং আমাদের অর্ধে চাপে রাখে তাহলে আমাদের ডিফেন্ড করতে হবে। যদি আমরা তাদের অর্ধে খেলি তো আমাদের আক্রমণাত্মক খেলতে হবে এবং তাদের চেপে ধরতে হবে।

“কঠোর পরিশ্রম করতে হবে। একটা হবে চাপ দিয়ে, অন‍্যটা (প্রতিপক্ষের আক্রমণে ওঠার) জায়গা বন্ধ করে দিয়ে। কিছু খেলোয়াড়ের খুব চাপ তৈরি করতে হবে এবং অন‍্য খেলোয়াড়দের জায়গা বন্ধ করে দিতে হবে। কিছু খেলোয়াড় রক্ষণ সামলাবে আর অন‍্যরা স্রেফ বলের জন‍্য অপেক্ষা করবে, এই ধারণা কার্যকর নয়। সবসময় যদি সবার কাছ থেকে খুব ভালো সাড়া পাওয়া যায়, তাহলে কোনো সমস‍্যা হবে না।”