২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের বাকি ২০ দিন: ব্রাজিলে নাভাসের ৯১

বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।

বিশ্বকাপের বাকি ২০ দিন: ব্রাজিলে নাভাসের ৯১
ইংল্যান্ডের বিপক্ষে কেইলর নাভাসের একটি সেভ। ছবি: ফিফা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2026, 08:21 AM

Updated : 11 Sep 2026, 03:18 PM

আর ২০ দিন পরই পর্দা উঠবে বিশ্বকাপের উত্তর আমেরিকা আসরের। বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।

এই ধারাবাহিকতায় আজ থাকছে কেইলর নাভাসের কথা, ব্রাজিল বিশ্বকাপে যিনি পোস্টে চীনের প্রাচীর হয়ে উঠেছিলেন।

২০১৪ সালের ওই আসরে মোট ৯১টি সেভ করেন নাভাস! মূলত তার অতিমানবীয় পারফরম্যান্সে ভর করেই বিশ্বকাপ ইতিহাসে নিজেদের সেরা সাফল্য পায় কোস্টা রিকা।

গ্রুপ পর্বে তিন সাবেক চ্যাম্পিয়নের সঙ্গে ‘মুত্যূকূপে’ জায়গা হয়েছিল কোস্টা রিকার। শুরুতে হয়তো কেউই তাদের নকআউট পর্বে ওঠার বাস্তবিক কোনো সম্ভাবনা দেখেনি। কিন্তু মাঠের লড়াই শুরু হতেই পাল্টে যেতে থাকে চিত্র।

নাভাসের অনুপ্রেরণাদায়ী পারফরম্যান্সে তারা উরুগুয়েকে ৩-১ গোলে হারানোর পর, ইতালিকে হারিয়ে দেয় ১-০ ব্যবধানে। আর শেষ ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে ‘ডি’ গ্রুপের সেরা হয়ে পরের ধাপে পা রাখে।

এরপর, শেষ ষোলোয় কোস্টা রিকা টাইব্রেকারে হারিয়ে দেয় গ্রিসকে। পেনাল্টি শুট আউটে প্রতিপক্ষের একটি শট আটকে দেন নাভাস। কোয়ার্টার-ফাইনালের বাধা আর উতরাতে পারেনি তারা, গোলশূন্য স্কোরলাইনের পর টাইব্রেকারে হেরে যায় নেদারল্যান্ডসের বিপক্ষে।

আসরে ৫১০ মিনিট পোস্টে দাঁড়িয়ে কেবল দুটি গোল হজম করেন নাভাস- প্রতিপক্ষ শিবিরে এদিনসন কাভানি, দিয়েগো ফোরলান, মারিও বালোতেল্লি, ওয়েইন রুনি, আরিয়েন রবেন ও রবিন ফন পার্সিদের মতো ভয়ঙ্কর সব নাম নাভাসের নৈপুণ্যকে আরও অসাধারণ করে তোলে।