১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রথমবার ইংল্যান্ড-ডিআর কঙ্গো, হার্স্টের পাশে বসার হাতছানি কেইনের

এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপের নকআউট ম্যাচে আফ্রিকান দলের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড।

প্রথমবার ইংল্যান্ড-ডিআর কঙ্গো, হার্স্টের পাশে বসার হাতছানি কেইনের
অনুশীলনে ইংল্যান্ড দল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2026, 08:47 PM

Updated : 11 Sep 2026, 03:33 PM

বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে ডিআর কঙ্গোর মুখোমুখি হচ্ছে ১৯৬৬ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে শেষ বত্রিশের ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় রাত ১০টায়। 

তার আগে দেখে নেওয়া যাক কিছু পরিসংখ্যান:

যেকোনো প্রতিযোগিতায় প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে ইউরোপ ও আফ্রিকার এই দুটি দল।

গ্রুপ পর্বে ঘানার সঙ্গে ড্র করা ইংল্যান্ড এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপের এক আসরে দুটি আফ্রিকান দলের মুখোমুখি হবে। এর আগে ১৯৯০ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে মিশরকে ১-০ গোলে ও কোয়ার্টার-ফাইনালে ক্যামেরুনকে ৩-২ গোলে হারিয়েছিল তারা।

ক্যামেরুন ম্যাচটি ছাড়া আর একবারই কেবল বিশ্বকাপের নকআউট পর্বে আফ্রিকান দলের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড, ২০২২ আসরে শেষ ষোলোয় সেনেগালের বিপক্ষে সেই ম্যাচে ৩-০ গোলে জিতেছিল দলটি। 

১১

টমাস টুখেলের কোচিংয়ে ইংল্যান্ড ১১টি প্রতিযোগিতামূলক ম্যাচে অপরাজিত রয়েছে (১০ জয়, ১ ড্র)। ইংল্যান্ডের কোচ হিসেবে দায়িত্বের শুরু থেকে টুখেলের চেয়ে বেশি ম্যাচে অপরাজিত ছিলেন কেবল রন গ্রিনউড (১৯৭৭ থেকে ১৯৮০ সালের মধ্যে ১৬টি) ও রয় হজসন (২০১২ থেকে ২০১৩ সালের মধ্যে ১৪টি)।

টুখেলের মেয়াদে সব প্রতিযোগিতা মিলিয়ে কেবল চারটি ম্যাচে জিততে ব্যর্থ হয়েছে ইংল্যান্ড, এর অর্ধেকই অবশ্য আফ্রিকান দলগুলোর বিপক্ষে। চলতি বিশ্বকাপে ঘানার সঙ্গে গোলশূন্য ড্রয়ের আগে, ২০২৫ সালের জুনে সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-১ গোলে হেরেছিল তারা।

গ্রুপ পর্বে তিনটি গোল করে গ্যারি লিনেকারকে (১০) ছাড়িয়ে বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হওয়া হ্যারি কেইনের (১১) সামনে আরেকটি রেকর্ডের হাতছানি। ডিআর কঙ্গোর জালে একবার বল পাঠাতে পারলে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে নকআউট পর্বে সর্বোচ্চ গোলের তালিকায় দুই নম্বরে জিওফ হার্স্টকে (৪) ছুঁয়ে ফেলবেন বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার। দেশটির হয়ে নকআউটে হাস্টের চেয়ে বেশি গোল আছে কেবল লিনেকারের (৬)।