রেয়াল মাদ্রিদের বিপক্ষে লড়াইয়ের আগে ধাক্কা খেল ইউভেন্তুস
নকআউট পর্ব শুরুর আগে তাই এখন দলটিকে রক্ষণভাগ নিয়ে নতুন করে ভাবতে হবে।
ম্যানচেস্টার সিটির বিপক্ষে বিধ্বস্ত হওয়ার ম্যাচ থেকেই আরেকটি দুঃসংবাদ পেয়েছে ইউভেন্তুস। অ্যাঙ্কেলে চোট পেয়ে ছিটকে গেছেন ডিফেন্ডার নিকোলো সাভোনা।
প্রথম দুই ম্যাচে জিতে আগেই অবশ্য চলতি ক্লাব বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছিল ইউভেন্তুস। সিটির বিপক্ষে তাদের বৃহস্পতিবারের ম্যাচটি ছিল স্থান নির্ধারণের, সেখানে ৫-২ ব্যবধানে হেরে গ্রুপ রানার্সআপ হয় তারা।
ম্যাচের ৬০তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন ইতালিয়ান ডিফেন্ডার সাভোনা। পরদিন ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টের বাকি অংশে আর খেলতে পারবেন না তিনি।
শেষ ষোলোয় আগামী মঙ্গলবার রেয়াল মাদ্রিদের মুখোমুখি হবে সেরি আর রেকর্ড চ্যাম্পিয়ন ইউভেন্তুস।
গ্রুপ পর্বে দলের তিন ম্যাচেই শুরুর একাদশে ছিলেন ২২ বছর বয়সী সাভোনা। পরীক্ষায় তার বাঁ পায়ের লিগামেন্টে বেশ গুরুতর চোট ধরা পড়েছে। ইতোমধ্যে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে এবং মাসখানেক পর তার অবস্থা পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে ক্লাবটি।
