২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভয়ঙ্কর কিছু হয়নি নেইমারের, আশা কাসেমিরোর

তবে নেইমারের তার চোট পরিস্থিতি কেমন, তা নিশ্চিত জানা যায়নি এখনও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2023, 12:26 PM

Updated : 18 Oct 2023, 12:25 PM

খেলা চলছে প্রথমার্ধের যোগ করা সময়ে, ব্রাজিল তখন পিছিয়ে। নিকোলাস দে লার ফাউলের শিকার হলেন নেইমার। স্ট্রেচারে করে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড। তার চোট পরিস্থিতি কেমন, তা নিশ্চিত জানা যায়নি এখনও। তবে ব্রাজিল অধিনায়ক কাসেমিরোর আশা ভয়ঙ্কর কিছু হয়নি নেইমারের।

মন্তেভিদিওতে বাংলাদেশ সময় বুধবার সকালে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ২-০ গোলে হারে ব্রাজিল। দারউইন নুনেস ও  দে লা ক্রুসের গোলে ২২ বছর পর বিশ্বকাপের রেকর্ড চ্যাম্পিয়নদের হারায় উরুগুয়ে।

বাছাইয়ের টেবিলে চার ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে তিনে আছে ব্রাজিল। তাদের সমান পয়েন্ট নিয়ে দু্ইয়ে উঠে এসেছে উরুগুয়ে। টানা চার জয়ে শীর্ষে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

পয়েন্ট টেবিল দেখাচ্ছে, বাছাইয়ে সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের। এর মধ্যে নেইমারের চোট তাদের জন্য ‘মরার উপর খাঁড়ার ঘা’য়ের মতো। 

উরুগুয়ে ম্যাচে যেভাবে চোট পেয়েছেন এই ফরোয়ার্ড, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি সূত্র জানিয়েছেন, তার বাঁ হাঁটু মারাত্মকভাবে মচকে যেতে পারে। লিগামেন্টে ক্ষতি হয়েছে কিনা, সেটা খতিয়ে দেখতে পরীক্ষা করানো হবে।  

বারবার চোটে পড়া, চোট কাটিয়ে স্বরূপে ফেরার পথে থাকা অবস্থায় আবার চোট পাওয়া নেইমারের জন্য দুঃখ হচ্ছে কাসেমিরোর। সতীর্থের ভয়ঙ্কর কিছু হয়নি, এমন আশাবাদই গ্লোবো টেলিভিশনের সঙ্গে আলাপে জানিয়েছেন ব্রাজিল অধিনায়ক। 

“আশা করুন, নেইমারের ভয়ঙ্কর কিছু হয়নি।”  

“সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, সে আমাদের ভীষণ প্রিয়। চোট তাকে অনেক দিন ধরে ভোগাচ্ছে এবং যখন সে সেরা পর্যায়ে যাওয়ার পথে থাকে, আবারও চোট পায়।”