ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
Published : 04 Jul 2024, 08:32 AM
গ্রুপ পর্ব পেরিয়ে, শেষ ষোলোর বাধা ভিঙিয়ে দারুণ ছন্দ নিয়ে কোয়ার্টার-ফাইনালের মঞ্চে উঠে এসেছে সুইজারল্যান্ড। প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে ওঠার লক্ষ্যে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। ‘থ্রি লায়ন্স’-দের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সুইস কোচ মুরাত ইয়ানিক দিলেন হুঙ্কার। সংবাদে সম্মেলনে উত্তর দেওয়ার বদলে প্রশ্নের সুরেই বললেন-কেন ইংল্যান্ডকে হারাতে পারব না আমরা?
ডুসেলডর্ফে আগামী শনিবার ইংল্যান্ডের মুখোমুখি হবে সুইজারল্যান্ড। স্লোভাকিয়ার বিপক্ষে শেষ দিকের নৈপুণ্যে শেষ ষোলোর লড়াইয়ে জিতেছিল ইংল্যান্ড। সেখানে, শিরোপাধারী হিসেবে খেলতে আসা ইতালির বিদায়ঘণ্টা সুইসরা বাজিয়ে দেয় নকআউট পর্বের শুরুতেই; ২-০ গোলের জয়ে।
সুইসদের দারুণ পথচলার শুরু আসরের শুরুতেই। অপরাজিত থেকে গ্রুপের বৈতরণী পার হয় ইয়াকিনের দল। হাঙ্গেরিকে ৩-১ গোলে হারিয়ে শুরুর পর স্কটল্যান্ডের বিপক্ষে ১-১ ড্র করে তারা। গ্রুপের শেষ ম্যাচে এবারের আসরের স্বাগতিক জার্মানিকেও ১-১ ড্রয়ে রুখে দেয় সুইসরা।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে বাড়তি অনুপ্রেরণা খুঁজতে তাই বেশি দূর যেতে হচ্ছে না সুইজারল্যান্ডকে। তিনবারের চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে ড্র, বর্তমান চ্যাম্পিয়নের মুকুট পরে আসা ইতালিকে বিদায় করে দেওয়ার টাটকা স্মৃতি থেকে ইয়াকিন পেয়ে যাচ্ছেন ইংলিশদের মুখোমুখি হওয়ার আত্মবিশ্বাস। বুধবার সংবাদ সম্মেলনে দৃঢ় কণ্ঠেই বললেন, ইংল্যান্ড ম্যাচের জন্য প্রস্তুত তার দল।
“জার্মানির বিপক্ষে আমরা ভালো খেলেছিলাম, ইতালির বিপক্ষে ভালো খেলেছিলাম, তারাও বড় একটা দল, তাহলে আমরা ইংল্যান্ডকে কেন হারাতে পারব না?”
“এখন আমরা ভালো মেজাজে আছি। দেখা যাক, কী হয়। এটা ভালো একটা চ্যালেঞ্জ এবং ইংল্যান্ডের বিপক্ষে কঠিন লড়াইয়ের জন্য আমার দল প্রস্তুত।”
চলতি ইউরোয় এখনও সমর্থকদের মন ভরাতে পারেনি ইংল্যান্ড। দলটির কোচ গ্যারেথ সাউথগেটের জন্য সহানুভূতিও অনুভব করছেন ইয়াকিন।
“অবশ্যই আপনার হাতে যখন বড় মাপের খেলোয়াড় থাকবে এবং আপনি অনেকের মধ্য থেকে খেলোয়াড় বাছাই করবেন, ভালো কিছু খেলোয়াড় দেশে ফেলে রেখে আসবেন এবং ফল পাবেন না…ইংল্যান্ডে আপনি এই সমস্যাগুলোয় পড়বেন।”