পিএসজির অনন্য কীর্তি নাকি ডর্টমুন্ডের ১১ বছরের অপেক্ষার অবসান?
প্রথম দল হিসেবে কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনালে প্রথম লেগে হেরেও ফাইনালে খেলার হাতছানি পিএসজির সামনে, আর তাদের স্বপ্ন গুঁড়িয়ে ২০১২-১৩ মৌসুমের পর শিরোপা নির্ধারণী মঞ্চে খেলার আশা বরুশিয়া ডর্টমুন্ডের।
বছরখানেক আগে চলে গেছেন লিওনেল মেসি ও নেইমার, তারপরও পিএসজির নামের পাশ থেকে তারকাখচিত দলের তকমা সরেনি। আক্রমণভাগে এখনও যে রয়ে গেছেন কিলিয়ান এমবাপে, তার পাশে উসমান দেম্বেলের ভারও কম নয়। দলটির মাঝমাঠ ও রক্ষণেও আছে পরীক্ষিত সব সেনা। প্রত্যাশার ডানা মেলে, বহুদিনের আরাধ্য এক স্বপ্ন, ইউরোপ সেরার মুকুট পরার মঞ্চে পা রাখতে বাঁচা-মরার লড়াইয়ে নামতে যাচ্ছে প্যারিসের শক্তিশালী দলটি।
প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড। ঘরোয়া ফুটবলে যাদের সময়টা তেমন ভালো কাটেনি, কাটছেও না। চ্যাম্পিয়ন্স লিগেও তাদের পারফরম্যান্স খুব আহামরি কিছু নয়; তবে ঠিক সময়ে মনোবল শক্ত রেখে প্রতিটি পরীক্ষায় উতরে গেছে তারা। স্বস্তি আর আনন্দের এই পথচলায় এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পথে শেষ বাধা টপকানোর পালা।
সেমি-ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে জিতে অর্ধেক কাজ সেরে রেখেছে ডর্টমুন্ড। বাকিটা সারতে মঙ্গলবার পিএসজির মাঠে নামবে জার্মানির দলটি। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত একটায়।
এবার গ্রুপ পর্বেও দেখা হয়েছিল এই দুই দলের। পিএসজির মাঠে ২-০ গোলে হেরেই আসর শুরু হয়েছিল ডর্টমুন্ডের। ঘরের মাঠে ওই হারের বদলা গ্রুপে দ্বিতীয় লেগে নিতে পারেনি তারা।
তবে সেই ক্ষতে নকআউট পর্বে এসে বেশ ভালোভাবেই প্রলেপ দিতে পেরেছে ডর্টমুন্ড। লড়াই দুই লেগের বলে চিত্র ফের পাল্টানোর সুযোগ আছে যথেষ্টই। পিএসজির মাঠে নেমে জাল অক্ষত রাখার কাজটা যে কত কঠিন, তা তো দলটির ভালো করেই জানা।
গত সপ্তাহে ডর্টমুন্ডের ১-০ গোলে জয়ের পরও যেমন ফুটবল বিশেষজ্ঞদের অনেকের মতে, আসছে ম্যাচে জয়ের পাল্লা ভারি পিএসজির দিকেই। কারণ খুঁজতে গেলে আবারও চোখ আটকে যায় দলটির ভয়ঙ্কর আক্রমণভাগে; দারুণ গতিময় এমবাপে-দেম্বেলে জুটি চোখের পলকে যেকোনো রক্ষণকে এলোমেলো করে দিতে সক্ষম।
গত বুধবারের ম্যাচেও তার প্রমাণ মিলেছে, অনেকবার। ভাগ্য একটু সহায় হলে সেদিনের ফলও ভিন্ন কিছু হতে পারতো; কিন্তু এমবাপে ও আশরাফ হাকিমির প্রচেষ্টা বাধা পায় পোস্টে। ওই ম্যাচে গোলের জন্য ১৪টি শট নিয়েও সাফল্য পায়নি তারা; ২০২০-২১ মৌসুমের পর চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচে দলটির এত বেশি শট নিয়েও গোল না পাওয়ার প্রথম ঘটনা।
ডর্টমুন্ডের জন্য সবচেয়ে বড় দুর্ভাবনার কারণ হতে পারেন এমবাপে। আসরে এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ আটটি গোল করেছেন ফরাসি তারকা, বায়ার্ন মিউনিখের হ্যারি কেইনের সমান। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত ঘরের মাঠে ৩১ ম্যাচে শুরুর একাদশে খেলে ২১টি গোল করেছেন এমবাপে, অ্যাসিস্ট ১১টি।
নকআউট পর্বের কোনো ধাপে দুই লেগেই শুরুর একাদশে খেলেছেন, কিন্তু গোল পাননি; এমবাপের ক্ষেত্রে এমন কিছু দেখা গেছে সেই ২০১৭-১৮ মৌসুমে।
পিএসজির মাঝমাঠ ও রক্ষণে অবশ্য খুব বড় কোনো নাম নেই। তবে মিডফিল্ডার ভিতিনিয়া-জাইরে এমেরি-মার্কো আসেনসিও, রক্ষণে মার্কিনিয়োস-নুনো মেন্দেস-আশরাফ হাকিমিরা নিজ নিজ দায়িত্বে দারুণ কার্যকর। আর পোস্টে জানলুইজি দোন্নারুম্মা তো বিশ্বসেরা গোলরক্ষকদেরই একজন। তার বিকল্প কেইলর নাভাসের আছে রেয়াল মাদ্রিদের হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্য শিরোপা জয়ের অভিজ্ঞতা।
প্যারিসের দলটির স্কোয়াডে তাই রসদের কমতি নেই, এখন কেবল মাঠে কাজটা করে দেখানোর পালা। বাড়তি আত্মবিশ্বাস খুঁজে পেতে খুব বেশি পেছনে তাকানোর দরকারও নেই দলটির; কোয়ার্টার-ফাইনালেই বার্সেলোনার বিপক্ষে প্রথম লেগে ৩-২ গোলে হারের পর প্রতিপক্ষের মাঠে গিয়ে ৪-১ গোলে জয় তুলে নিয়ে পিএসজি।
সেখানে এবার তো ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে তারা চেনা আঙিনায় গ্যালারিভর্তি সমর্থকদের পাশে পাবে। আর, এসব কিছুর মাঝে অনেক বড় পার্থক্য গড়ে দিতে পারে দলটির ডাগআউটে কোচ লুইস এনরিকের উপস্থিতি। ২০১৪-১৫ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগসহ বার্সেলোনাকে ট্রেবল জেতানো এই স্প্যানিয়ার্ড কৌশল সাজানোয় কতটা সিদ্ধহস্ত, তার প্রমাণ ফের মিলতে পারে আসছে ম্যাচে।
অবশ্য, শক্তির বিচারে পিএসজিকে এগিয়ে রাখলেও দলগত ফুটবলের প্রশ্নে ডর্টমুন্ডকে এতটুকু পিছিয়ে রাখার জো নেই। কোচ এদিন তেরজিচের হাতে আছে ব্যক্তিগত নৈপুন্যনির্ভর অস্ত্রও। যেমন, মিডফিল্ডার মার্সেল সাবিৎজার চলতি আসরে চাপের মুখে পাঁচটি অ্যাসিস্ট করেছেন।
পিএসজির বিপক্ষে সবশেষ লড়াইয়ে সবচেয়ে উজ্জ্বল নাম ছিলেন ইংলিশ ফরোয়ার্ড জেডন স্যানচো। সেদিন ম্যাচজুড়ে তিনি করতে বাকি রাখেননি কোনোকিছুই, গোলটাই কেবল পাননি। ম্যাচে মোট ১৩টি সফল ড্রিবল করেন, চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ২০২০ সালের অগাস্টে আতালান্তার বিপক্ষে নেইমারের ১৫টির পর সবচেয়ে বেশি।
চলতি আসরের নকআউট পর্বে সবচেয়ে বেশি ২২টি ড্রিবল করেছেন ২৪ বছর বয়সী স্যানচো। গত ম্যাচে তাকে আটকাতে নুনো মেন্দেসের যেভাবে ভুগতে হয়েছে, তাতে হয়তো এখনও দুঃস্বপ্ন তাড়া করে ফিরছে পিএসজির এই ডিফেন্ডারকে।
এবারের বুন্ডেসলিগায় পারফরম্যান্সের অধারাবাহিকতায় পঞ্চম স্থানে নেমে গেছে ডর্টমুন্ড। লিগে সবশেষ পাঁচ ম্যাচে যেমন তারা জিততে পেরেছে মাত্র দুটি, বাকি তিন ম্যাচের দুটি হার ও একটি ড্র। তবে সবশেষ ম্যাচে তারা যে দাপট দেখিয়েছে, পিএসজি ম্যাচের আগে এর চেয়ে ভালো প্রস্তুতি হতে পারত না; আউক্সবুর্ককে ৫-১ গোলে গুঁড়িয়ে দেয় তেরজিচের দল।
ইউরোপ সেরার মঞ্চে একবারই মুকুট পরতে পেরেছিল ডর্টমুন্ড, সেই ১৯৯৬-৯৭ মৌসুমে। এরপর একবার ২০১২-১৩ আসরে ফাইনালে উঠলেও সেবার বায়ার্নের বিপক্ষে হেরে যায় তারা। ১১ বছর বাদে আরও একটি ফাইনালের হাতছানি দলটির সামনে।
পিএসজি একবারই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে পেরেছে, ২০১৯-২০ আসরে। আরাধ্য শিরোপাটি জয়ের দারুণ সম্ভাবনা থাকলেও সেবার তারা হেরে যায় বায়ার্নের বিপক্ষে। চার মৌসুম পর এবার আবারও ফাইনালে উঠতে পারলে, কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনালে প্রথম লেগ হারের পরও ফাইনালে ওঠা প্রথম দল হবে তারা।
ইউরোপীয় প্রতিযোগিতায় এবার দিয়ে অষ্টমবার মুখোমুখি হতে যাচ্ছে পিএসজি ও ডর্টমুন্ড; দুই দলই জিতেছে দুবার করে, বাকি তিন ম্যাচ ড্র। প্রতিটি জয়ই পেয়েছে স্বাগতিক দল। পরিসংখ্যানের এই তথ্যও আশাবাদী করে তুলতে পারে ফরাসি চ্যাম্পিয়নদের।
তবে, সবশেষে লড়াইটা যখন এক ম্যাচ এসে দাঁড়ায়, তখন পুরনো ইতিহাস কিংবা পরিসংখ্যানের হিসাব-নিকাশ কোনো প্রভাব রাখে না। মাঠে নেমে যারা নিজেদের কাজটা ঠিকঠাক করবে, পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন করতে পারবে, তারাই পাবে জয়ের স্বাদ। সেই কাজটাই করে দেখানোর চ্যালেঞ্জ পিএসজি ও ডর্টমুন্ডের সামনে।
