২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরুর একাদশে ইয়ামাল

হতাশাজনক শুরুর পর, বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার আশা জোরাল রাখতে সৌদি আরবের বিপক্ষে জিততেই হবে স্প্যানিশদের।

শুরুর একাদশে ইয়ামাল
স্পেনের শুরুর একাদশে ফিরলেন ফরোয়ার্ড লামিন ইয়ামাল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2026, 08:40 PM

Updated : 11 Sep 2026, 03:27 PM

আগের দিনও লামিন ইয়ামালের ম্যাচ ফিটনেস নিয়ে নিশ্চিত ছিলেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। অন্তত সংবাদ সম্মেলনে তেমনটাই দাবি করেন তিনি। তবে, সব অনিশ্চয়তা দূর করে সৌদি আরবের বিপক্ষে শুরু থেকেই খেলতে নামছেন স্পেনের তারকা ফরোয়ার্ড।

জর্জিয়ার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ‘এইচ’ গ্রুপের ম্যাচটি। ঘণ্টা দুয়েক আগে ইয়ামালকে রেখেই শুরুর একাদশ ঘোষণা করেছেন দে লা ফুয়েন্তে।

আসরের শুরুটা একদমই ভালো হয়নি ফেভারিট স্পেনের; নবাগত কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করে তারা। পেশির চোট কাটিয়ে ওই ম্যাচের ৭১তম মিনিটে বদলি নামেন ইয়ামাল। যদিও সেদিন তেমন উল্লেখযোগ কিছু করতে পারেননি তিনি।

সৌদি আরবও গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জিততে পারেনি। উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েও শেষ দিকে গোল খেয়ে ড্র করে তারা।

স্পেন একাদশ: উনাই সিমোন, পেদ্রো পোরো, পাউ কুবার্সি, এমেরিক লাপোর্ত, মার্ক কুকুরেইয়া, রদ্রি, পেদ্রি, লামিন ইয়ামাল, দানি ওলমো, আলেক্স বায়েনা ও মিকেল ওইয়ারসাবাল।