২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুখে হাসি নিয়ে খেলুক মেয়েরা’, মুকুট ধরে রাখার অভিযানে সাবিনাদের উদ্দেশ‍্যে কোচ

মুকুট ধরে রাখার অভিযানে কোনো চাপ অনুভব করছেন না পিটার জেমস বাটলার, বরং উপভোগ করছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2024, 06:18 PM

Updated : 10 Sep 2026, 12:20 PM

প্রস্তুতির কমতি নিয়ে খচখচানি আছে। আছে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখার চাপ। পিটার জেমস বাটলার প্রথমবারের মতো যাচ্ছেন কঠিন এই অভিযানে। তবে বাংলাদেশ নারী দলের কোচের চাওয়া, চাপ না নিয়ে মেয়েরা মুখে হাসি নিয়ে উপভোগ করুক টুর্নামেন্ট।

নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আগামী ১৭ অক্টোবর শুরু হবে দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের সর্বোচ্চ আসর উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ। ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের পাশাপাশি মুকুট ধরে রাখার অভিযানে যাত্রা শুরু করবে বাংলাদেশ।

গতবার অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া সাবিনা-মারিয়াদের উপর এবার শিরোপা ধরে রাখার পাহাড়সমান চাপ। সাফজয়ী কোচ গোলাম রব্বানী ছোটন বিদায় নেওয়ায় কৌশল সাজানোর চাপ উঠেছে বাটলারের কাঁধে। এই ইংলিশ কোচ বরং নতুন অভিযান নিয়ে রোমাঞ্চিত।

“চাপ হচ্ছে সেটা, যখন আপনি বিল পরিশোধ করতে পারবেন না। চাপ অনুভব করবেন তখন, যখন বাচ্চাদের খাওয়ানোর জন্য কিংবা বিদ্যালয়ে পাঠানোর জন্য আপনার কাছে পয়সা থাকবে না। ফুটবল আমার কাছে আনন্দের, উপভোগের। আমি এটা অনুভব করি।”

“বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা, এবং শীর্ষ পর্যায়ে ২০ বছর, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছি, ফুটবল তাই আমার কাছে চাপের নয়, উপভোগের। আমরা এই টুর্নামেন্ট উপভোগ করব। আমরা মুখে হাসি নিয়ে খেলব। এ নিয়ে আমার উপর কোনো চাপ নেই।”

দুই বছরের ব্যবধানে সাফের দল বদলে গেছে আমূল। গতবারের নয়জন নেই এবার। বিশেষ করে ৪ গোল করা ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না এবং রক্ষণের সবচেয়ে বড় ভরসা আঁখি খাতুন অবসর নেওয়ায় দলের শক্তি কমেছে কিছুটা হলেও। তবে, বাটলারের বিশ্বাস, যারাই দলে আছে, নিংড়ে দেবে সামর্থ্যের সবটুকু। দলকে চাপে ফেলার ‘দায়’ এই ইংলিশ কোচ দিলেন গণমাধ্যমের উপর।

“আপনারাই এই চাপগুলো তৈরি করেন। আমি অবশ্য সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করি না। পত্রিকা পড়ি না। আমার কোনো সন্দেহ নেই যে, এই মেয়েরা তাদের সবটুকু নিংড়ে দেবে, সেরাটা দেবে। আমাদের শৃঙ্খলাবদ্ধ, পেশাদার এবং মনোযোগী থাকতে হবে।”

“পেছন ফিরে তাকানোর দরকার নেই। অতীতে যেটা অর্জন করেছি, সেটাকে শ্রদ্ধা করি, কিন্তু চলুন, এখন এগিয়ে যাই। এটা নতুন প্রতিযোগিতা, নতুন প্রজন্ম, দুই বছর হয়ে গেছে (সাফ জয়ের), এই দলটারও দারুণ সম্ভাবনা আছে।”