২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমবাপেকে নিয়ে উদ্বিগ্ন নন আনচেলত্তি

লা লিগায় প্রথম দুই ম্যাচে গোল না পেলেও এমবাপেকে নিয়ে দুর্ভাবনার কিছু দেখছেন না রেয়াল মাদ্রিদ কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2024, 07:44 PM

Updated : 26 Aug 2026, 10:21 AM

কিলিয়ান এমবাপে এখনও রেয়াল মাদ্রিদের সঙ্গে মানিয়ে নিচ্ছেন বলে মনে করছেন কোচ কার্লো আনচেলত্তি। লা লিগায় প্রথম দুই ম্যাচে গোল করতে না পারলেও ফরাসি তারকাকে নিয়ে তাই দুর্ভাবনার কিছু দেখছেন না কোচ।

গত জুনে পিএসজি থেকে ফ্রি এজেন্ট হিসেবে রেয়ালে নাম লেখান এমবাপে। ইউরোপের সফলতম ক্লাবটির জার্সিতে অভিষেকেই অবশ্য গোলের দেখা পান তিনি। আতালান্তার বিপক্ষে উয়েফা সুপার কাপ জয়ের ম্যাচে একটি গোল করেন বিশ্বকাপ জয়ী তারকা।

তবে লিগে এখনও জালের দেখা পাননি ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। প্রথম ম্যাচে মায়োর্কার মাঠে ১-১ ড্রয়ের পর ঘরের মাঠে রেয়াল ভাইয়াদলিদকে ৩-০ গোলে হারায় রেয়াল। সবশেষ ম্যাচটিতে বেশ কিছু সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি এমবাপে।

ম্যাচের পর আনচেলত্তি বলেছিলেন, এমবাপের গোল না পাওয়া নিয়ে চিন্তিত নন তিনি। বৃহস্পতিবার লিগে লাস পালমাসের মুখোমুখি হওয়ার আগের দিন সংবাদ সম্মেলনেও একই কথা বললেন ইতালিয়ান কোচ।

“তার সবশেষ গোলটি ছিল ১৪ অগাস্ট। এরপর মাত্র দুই সপ্তাহ হয়েছে, এতে চিন্তার কোনো কারণ নেই। ক্লাব হিসেবে কিংবা তাকে নিয়ে আমরা চিন্তিত নই।”

"সে এখানে খুব খুশি, আনন্দিত, আমি নিশ্চিত সে পরের ম্যাচে গোল করতে চায়। ভিনিসিউসও (জুনিয়র) তাই, সে এই মৌসুমে এখনও গোল করতে পারেনি এবং এজন্য তাকে চিন্তিতও দেখছি না। (এমবাপে) সত্যিই ভালোভাবে উন্নতি করছে। আমি তাকে প্রতিদিন আরও ভালো করতে দেখছি, সে রোমাঞ্চিত, অনুপ্রাণিত, সে ভালোভাবে অনুশীলন করছে। আমি মনে করি, তার মানিয়ে নেওয়ার প্রক্রিয়া ভালোভাবেই চলছে।”