১৬ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩

‘রেফারিদের শান্তিতে থাকতে দিন’, রেয়াল মাদ্রিদের অভিযোগ নিয়ে ওবলাক

রেয়াল মাদ্রিদ নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস।

‘রেফারিদের শান্তিতে থাকতে দিন’, রেয়াল মাদ্রিদের অভিযোগ নিয়ে ওবলাক
আতলেতিকো মাদ্রিদের গোলরক্ষক ইয়ান ওবলাক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2025, 08:35 AM

Updated : 26 Aug 2026, 11:45 AM

রেফারিং নিয়ে রেয়াল মাদ্রিদের আনুষ্ঠানিক অভিযোগের পর নানা আলোচনা-সমালোচনা চলছে স্প্যানিশ ফুটবলে। নগরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচ সামনে রেখে রেফারিদের নিজেদের মতো কাজ করতে দিতে রেয়ালের প্রতি আর্জি জানিয়েছেন আতলেতিকো মাদ্রিদের গোলরক্ষক ইয়ান ওবলাক। 

লা লিগায় গত শনিবার এস্পানিওলের বিপক্ষে ১-০ গোলে হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে রেয়াল। সোমবার স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ও স্পেনের ক্রীড়া মন্ত্রণালয়কে (সিএসডি) একটি খোলা চিঠি পাঠায় ইউরোপের সফলতম ক্লাবটি। সেখানে ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে ‘প্রতারণা’ ও ‘দুর্নীতির’ অভিযোগ আনে তারা।

সেই অভিযোগ উড়িয়ে বুধবার স্পেনের রেফারি সংস্থার প্রধান লুইস মেদিনা কান্তালেহো বলেন, ‘আমরা কেউ দুর্নীতিগ্রস্ত নই।’

লা লিগায় আগামী শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে রেয়ালের মুখোমুখি হবে আতলেতিকো। বৃহস্পতিবার ইএসপিএন-এর সঙ্গে আলাপে ওবলাক বললেন, রেফারিদের নিজেদের মতো কাজ করতে দেওয়াটাই সবার জন্য মঙ্গলজনক।

“রেফারিদের শান্তিতে থাকতে দেওয়াটাই সবচেয়ে ভালো এবং এভাবে তারা তাদের সম্ভাব্য সেরা উপায়ে কাজ করতে পারে। এটাই ফুটবলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, শুধু দলগুলোর জন্য নয়, সকলের জন্য। রেফারিরা খেলার ফল নির্ধারণ করে না।”

ওবলাকের সঙ্গে সুর মেলান আতলেতিকোর ডিফেন্ডার হোসে মারিয়া হিমেনেসও।

“খেলোয়াড় হিসেবে আমরা নিজেদের কাজের দিকে মনোযোগ দেই। আমি আশা করব, যা ঘটেছে তা কেবল একটি বিবৃতির বাইরে যাবে না এবং কেউ যেন প্রভাবিত বা চাপ অনুভব না করে।”

এস্পানিওলের বিপক্ষে ম্যাচের দুটি ঘটনা তুলে ধরে রেফারি ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মধ্যে কথোপকথনের অডিও রেকর্ডিং প্রকাশ করতে বলেছে রেয়াল। রেফারি ব্যবস্থার কাঠামোগত সংস্কারের দাবিও জানিয়েছে তারা।

লা লিগার ক্লাবগুলো, স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও স্পেনের রেফারি কমিটির প্রতিনিধিদের একটি সভা হয় বৃহস্পতিবার। রেয়ালের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিল না।

ওই সভায় লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস মন্তব্য করেন, রেয়াল নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। উল্টো ক্লাবটির বিরুদ্ধেই অভিযোগ আনেন তিনি। 

“রেয়াল মাদ্রিদ কেবল রেফারিদের নয়, প্রতিযোগিতার ক্ষতি করতে চায়। বিষয়টিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, তারা নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। ফুটবল রেয়াল মাদ্রিদকে কেন্দ্র করে চলে না।”