ব্রাজিলের বিপক্ষে কোস্টা রিকা যেন ‘দা সিক্সথ সেন্স সিনেমার ব্রুস উইলিস’
কোস্টা রিকা কোচ মনে করছেন, ব্রাজিলের বিপক্ষে তাদের লড়াইয়ের সম্ভাবনা দেখেননি কেউ।
পাঁচ জনে গড়া রক্ষণেও কাজ হচ্ছিল না। আক্রমণাত্মক ফুটবলে সুযোগ তৈরি করে নিচ্ছিল ব্রাজিল। কোস্টা রিকা গোলরক্ষক যেন দাঁড়িয়েছিলেন চীনের প্রাচীর হয়ে। সেটাও যেন যথেষ্ট ছিল না, ভাগ্যেরও বেশ সহায়তা পাওয়ার পর সমালোচকদের এক হাত নিলেন কোস্টা রিকা কোচ গুস্তাভো আলফারো।
ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়া, এন্দ্রিকদের উপস্থিতিতে দারুণ শক্তিশালী ব্রাজিলের আক্রমণভাগ। তাদের বিপক্ষে কোস্টা রিকার সম্ভাবনা তেমন কেউ দেখেনি। গোলশূন্য ড্রয়ের পর অনুবাদকের সাহায্য নিয়ে সেই প্রসঙ্গে বলতে গিয়েই দা সিক্সথ সেন্স সিনেমার উদাহরণ টেনে আনলেন কোস্টা রিকা কোচ আলফারো।
“আমরা যেন দা সিক্সথ সিনেমার ব্রুস উইলিস। যেখানে একমাত্র সেই জানে না যে, সে মৃত। তাই না?”
“আর আমাদের ক্ষেত্রে সবাই ভেবেছিল, ম্যাচ শুরুর আগেই আমরা শেষ।”
১৯৯৯ সালে মুক্তি পাওয়া দা সিক্সথ সেন্স সিনেমায় উইলিস একজন শিশু মনোবিদের ভূমিকায় অভিনয় করেন। যাকে শুরুর দিকেই একজন গুলি করে আত্মহত্যা করেন।
বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে তিনবার হেরেছে কোস্টা রিকা, কোপা আমেরিকায় দুবার। এবারের ম্যাচে দরিভাল জুনিয়রের দলের আক্রমণের ঝাপটা কোনোমতে সামলে বেঁচে গেছে কোস্টা রিকা।
প্রথমার্ধে গোলের জন্য কোনো শটই নিতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে দুটি নিতে পারে, তবে কোনোটিই ছিল না লক্ষ্যে।
