২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

মুচোভার অপেক্ষা বাড়িয়ে উইম্বলডনে চ্যাম্পিয়ন নসকোভা

দ্বিতীয় সেটে প্রতিপক্ষের পাঁচটি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট সেভ করে ঘুরে দাঁড়ালেও, তৃতীয় সেটে তেমন লড়াই করতে পারলেন না কারোলিনা মুচোভা।

মুচোভার অপেক্ষা বাড়িয়ে উইম্বলডনে চ্যাম্পিয়ন নসকোভা
প্রথমবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেই শিরোপার স্বাদ পেলেন লিন্ডা নসকোভা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2026, 12:23 AM

Updated : 11 Sep 2026, 03:38 PM

দ্বিতীয় সেটে হারের মুখ থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ালেন কারোলিনা মুচোভা। কিন্তু তৃতীয় সেটে আবার পথ হারিয়ে ফেললেন তিনি। উইম্বলডনের নারী এককে অল চেকিয়া ফাইনালে তাকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেলেন লিন্ডা নসকোভা।

সেন্টার কোর্টে শনিবার দুই জনের সামনেই ছিল প্রথম মেজর জয়ের হাতছানি। মুচোভার এর আগেও ছিল একটি ফাইনাল খেলার অভিজ্ঞতা। কিন্তু তরুণ প্রতিপক্ষের দাপটের সামনে তার সেই অভিজ্ঞতা শেষ পর্যন্ত কাজে আসল না। 

নবম ও দশম বাছাইয়ের মধ্যে প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী তিন সেটের লড়াইয়ে ৬-২, ৫-৭, ৬-৩ গেমে জিতে চ্যাম্পিয়ন হলেন ২১ বছর বয়সী নসকোভা।

২০২৩ সালে ফরাসি ওপেনের ফাইনালে ইগা শিয়াওতেকের বিপক্ষে স্বপ্ন ভেঙেছিল মুচোভার। এছাড়া অস্ট্রেলিয়ান ওপেনে একবার ও ইউএস ওপেনে দুইবার সেমি-ফাইনালে খেলার অভিজ্ঞতা আছে তার। অন্যদিকে, এবারের আগে কখনও কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমি-ফাইনালে খেলার অভিজ্ঞতাই ছিল না নসকেভার। 

প্রথমবার এত বড় মঞ্চে এসে নিজেকে সেরা রূপে মেলে ধরলেন নসকোভা। দ্বিতীয় সেটেই জয়ের খুব কাছে পৌঁছে যান তিনি, এগিয়ে যান ৫-২ গেমে। তবে, বড় লড়াইয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঘুরে দাঁড়ান ২৯ বছর বয়সী মুচোভা। প্রতিপক্ষের পাঁচটি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট সেভ করে লড়াই জারি রাখেন।

কিন্তু তৃতীয় সেটে আবার দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেন নসকোভা। এবার আর কোনো নাটকীয়তা জাগাতে পারেননি মুচোভা। তাই, দশম বাছাই এই খেলোয়াড়ের প্রথম মেজর জয়ের অপেক্ষা বাড়ল আরও।

২০১১ সালে স্বদেশি পেত্রা কেভিতোভার পর, সবচেয়ে কম বয়সে উইম্বলডনে নারী এককের চ্যাম্পিয়ন হলেন নসকোভা।