২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শেষ বত্রিশে তৃতীয় স্তরের দলের মুখোমুখি বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদ

কোপা দেল রেতে সহজ প্রতিপক্ষ পেয়েছে আতলেতিকো মাদ্রিদও।

শেষ বত্রিশে তৃতীয় স্তরের দলের মুখোমুখি বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদ
গত আসরের ফাইনালে রেয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2025, 08:30 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

কোপা দেল রেতে অভিযানের শুরুতে স্প্যানিশ ফুটবলের তৃতীয় স্তরের দলকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদ। শেষ বত্রিশে শিরোপাধারী বার্সেলোনা খেলবে গুয়াদালাহারার বিপক্ষে, আর সিএফ তালাভেরার মুখোমুখি হবে রেয়াল।

স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির শেষ বত্রিশের ড্র অনুষ্ঠিত হয় মঙ্গলবার।

চতুর্থ স্তরের দল আতলেতিকো বালেয়ারেসের বিপক্ষে খেলবে আতলেতিকো মাদ্রিদ।

৩২ বছরের মধ্যে প্রথমবার শেষ বত্রিশে পা রাখা তালাভেরা প্রথমবারের মতো রেয়াল মাদ্রিদের মুখোমুখি হবে। তৃতীয় স্তরের লিগ টেবিলে ১৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ২০ দলের মধ্যে সবার নিচে আছে দলটি। 

গুয়াদালাহারাও তাদের ইতিহাসে প্রথমবারের মতো খেলবে বার্সেলোনার বিপক্ষে। তৃতীয় স্তরের পয়েন্ট টেবিলে তারাও আছে অবনমন অঞ্চলে, ১৭ নম্বরে।

বার্সেলোনা, রেয়াল, আতলেতিকো তিন দলই এই ধাপে খেলবে প্রতিপক্ষের মাঠে। এক লেগের ম্যাচগুলো হবে আগামী ১৬ থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে।

গত আসরের ফাইনালে রেয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বার্সেলোনা। ৩২ বার ট্রফি জিতে এই প্রতিযোগিতার সফলতম দল তারাই। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ বার জিতেছে আথলেতিক বিলবাও, রেয়াল মাদ্রিদ জিতেছে ২০ বার।