১৮ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

বিবর্ণ শেখ রাসেলকে হারিয়ে দিল ফর্টিস এফসি

দ্বিতীয়ার্ধে এক গোল শোধ করে ঘুরে দাঁড়ানোর যা একটু ইঙ্গিত দিয়েছিল শেখ রাসেল, পরে সেটাও পায়নি পূর্ণতা।

বিবর্ণ শেখ রাসেলকে হারিয়ে দিল ফর্টিস এফসি

ফর্টিস এফসি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2024, 05:52 PM

Updated : 23 Jan 2024, 05:52 PM

প্রিমিয়ার লিগে ধুঁকছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ফেডারেশন কাপেও বিবর্ণতা ঝেড়ে ফেলতে পারল না তারা। ফর্টিস এফসির কার্যকর ফুটবলের সামনে অসহায় আত্মসমর্পণ করে যাত্রা শুরু করল প্রতিযোগিতার ২০১২ সালের চ্যাম্পিয়নরা। 

মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে মঙ্গলবার ‘সি’ গ্রুপে ম্যাচে শেখ রাসেলকে ৩-১ গোলে হারায় ফর্টিস। জোড়া গোল করেন পা ওমর বাবৌ; অপর গোলদাতা আমির হাকিম বাপ্পি। শেখ রাসেলের একমাত্র গোলদাতা সেলেমানি ল্যান্ড্রি। 

বসুন্ধরা কিংসের সমান ৩ পয়েন্ট নিয়ে সেরা আটে খেলার আশা উজ্জ্বল করেছে ফর্টিস। হারলেও আশা বেঁচে আছে শেখ রাসেলের; তবে তাদের পথটা কঠিন। ফর্টিসকে ১-০ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করা কিংসের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি খেলবে শেখ রাসেল। 

নিজেদের প্রথম ম্যাচে কিংসের বিপক্ষে দারুণ লড়াই করেছিল ফর্টিস। শেখ রাসেলের বিপক্ষে শুরু থেকে গোছালো ফুটবল খেলতে থাকে তারা। দশম মিনিটে পা ওমর বাবৌয়ের সফল স্পট কিকে এগিয়েও যায় দলটি। বক্সে গাম্বিয়ার এই ফরোয়ার্ডই হয়েছিলেন ফাউলের শিকার। 

শেখ রাসেলকে ৫১তম মিনিটের গোলে আরও কোণঠাসা করে ফেলে ফর্টিস এফসি। পা ওমরের আড়াআড়ি ক্রস ক্লিয়ার করতে পারেননি ডিফেন্ডারদের কেউ। দূরের পোস্টে ফাঁকায় থাকা বাপ্পি কোনাকুনি শটে পরাস্ত করেন মিতুল মারমাকে। 

দুই মিনিট পর সতীর্থের পাস ধরে বক্সে ভালো জায়গায় বল পেয়েছিলেন পা ওমর, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শটে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন তিনি। 

৬৮তম মিনিটে বক্সের ঠিক ওপর থেকে দারুণ বাঁকানো ফ্রি কিকে বল জালে জড়িয়ে শেখ রাসেলকে ম্যাচে ফেরার উপলক্ষ এনে দেন সেলেমানি। ম্যাচে তাদের উজ্জ্বল মুহূর্ত বলতে এতটুকুই। 

তিন মিনিট পরই শেখ রাসেলের ঘুরে দাঁড়ানোর পথটা ফের কঠিন হয়ে যায়। পাল্টা আক্রমণ থেকে দলের তৃতীয় গোলটি করেন পা ওমর।