প্রচণ্ড গরমে ভেঙে পড়লেন জোকোভিচ
ভালো শুরুর পরও, প্রতিকূল কন্ডিশনে ছন্দ হারিয়ে সিনসিনাটি ওপেন থেকে ছিটকে পড়লেন এই সার্বিয়ান তারকা।
দারুণ পারফরম্যান্সে প্রথম সেট জয়ের পর, দ্বিতীয়টিতেও বেশ ভালো শুরু করলেন নোভাক জোকোভিচ। কিন্তু প্রচণ্ড গরম আর আর্দ্রতায় ক্লান্তি পেয়ে বসল তাকে। ছন্দ হারিয়ে শেষ পর্যন্ত ম্যাচটাও হেরে গেলেন এই টেনিস গ্রেট।
ইউএস ওপেনের আগে প্রস্তুতিমূলক টুর্নামেন্ট সিনসিনাটি ওপেনের দ্বিতীয় রাউন্ডে শুরুতে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি জোকোভিচ। প্রথম সেটে বিধ্বস্ত হওয়ার ধাক্কা সামলে এবং সার্ব তারকার ‘অসুস্থ হয়ে পড়ার’ সুযোগে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান তিয়াগো তিরান্তে।
চমৎকার পারফরম্যান্সে ২-৬, ৬-৪, ৬-৪ গেমে ক্যারিয়ারের স্মরণীয় এক জয় তুলে নেন র্যাঙ্কিংয়ের ৫০তম আর্জেন্টিনার খেলোয়াড়।
গত উইম্বলডনে সেমি-ফাইনালে ইয়ানিক সিনারের বিপক্ষে হারের পর, এখানে প্রথম ম্যাচ খেলতে নামেন জোকোভিচ। শুরুটা দারুণ করলেও, প্রতিকূল আবহাওয়া তার ওপর দ্রুতই বিরূপ প্রভাব ফেলতে শুরু করে।
দ্বিতীয় সেটের তৃতীয় গেম চলে ১৮ মিনিট ধরে, এই সময় ক্লান্তিতে হাঁটু গেড়ে বসে পড়েন তিনি। চিকিৎসাও নিতে হয় তাকে। ওই সেটে আর সেভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি জোকোভিচ।
লকার রূম থেকে ফিরে বেশ সতেজ হয়ে তৃতীয় সেট শুরু করতে দেখা যায় রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ীকে। কিন্তু সেটের স্কোর ৪-৪ এর পর, অস্বাভাবিক কিছু ভুল করে বসেন জোকোভিচ, এবং সেই সুযোগে অবিশ্বাস্য জয়ের আনন্দে ভাসেন তিরান্তে।
ম্যাচ শেষে জোকোভিচ যা বললেন, তাতে ইউএস ওপেনে তার অভিযান নিয়ে জাগল শঙ্কা।
“এখানকার কন্ডিশন সমস্যা ছিল না। সমস্যা মূলত আমার শারীরিক। অনেক বছর ধরে আমি এই সমস্যায় ভুগছি। এতে আমার অনেক সমস্যায় পড়তে হয়, বিশেষ করে এমন আর্দ্রতা ও গরমে।”
আগামী ২৩ অগাস্ট শুরু হবে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের এবারের আসর।
২০২৩ সালে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতে ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডের উচ্চতায় পা রাখার পর থেকে আর কোনো মেজর জিততে পারেননি জোকোভিচ। আসছে ইউএস ওপেনে, পুরুষ-নারী মিলিয়ে কিংবদন্তি মার্গারেট কোর্টকে (২৪টি) ছাড়িয়ে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডটি একার করে নেওয়ার অভিযানে আরেকবার নামবেন ৩৯ বছর বয়সী তারকা।
