২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অনেকে যা ভাবতেও পারে না, তেমন কিছু করতে পারে এন্দ্রিক’

ব্রাজিলের এই তরুণ প্রতিভাবান ফুটবলারের মধ্যে এমন স্পেশাল কিছু আছে, যা অন্য কোনো ফুটবলারের ভেতর দেখেননি রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2024, 11:34 AM

Updated : 26 Aug 2026, 10:29 AM

এক পাশে কিলিয়ান এমবাপে, আরেক পাশে ভিনিসিউস জুনিয়র। সামনে প্রতিপক্ষের ডিফেন্ডার একজন। তার পাশে আরেকজন ডিফেন্ডার। এন্দ্রিকের সামনে সহজ পথ খোলা। ফাঁকায় থাকা দুই সতীর্থের যে কোনো একজনকে পাস দেওয়া। কিন্তু ব্রাজিলিয়ান তরুণ আচমকাই বক্সের বাইরে থেকে নিলেন শট। জোরাল সেই শট গোলকিপারের হাত গলে পৌঁছে গেল জালে।

গোলটি করতে না পারলে নিশ্চিতভাবেই সমালোচনার শিকার হতেন এন্দ্রিক। কিন্তু গোলটি করায় এখন তিনি ভাসছেন প্রশংসা। রেয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি তো অকপটেই বলে দিলেন, এন্দ্রিকের ভেতর এমন সহজাত সামর্থ্য দেখতে পাচ্ছেন, যা তিনি দেখেননি আর কোনো ফুটবলারের মধ্যে। 

স্টুর্টগার্টকে ৩-১ গোলে হারিয়ে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করে রেয়াল মাদ্রিদ। নড়বড়ে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই চ্যাম্পিয়নদের এগিয়ে দেয় কিলিয়ান এমবাপের গোল। নতুন ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকেই তিনি পেলেন গোল। 

স্টুর্টগার্ট পরে সেই গোল শোধ করে দেয়। কিন্তু ৮৩তম মিনিটে লুকা মদ্রিচের মাপা কর্নার থেকে আন্টোনিও রুডিগারের হেড আবার এগিয়ে দেয় রেয়ালকে। এরপর ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে নিজেদের বক্সের একটু বাইরে থেকে বল টেনে নিয়ে এন্দ্রিকের ওই গোল।

রেয়ালের হয়ে লা লিগা অভিষেকেও গোল করেছিলেন এন্দ্রিক। এবার চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকে গোল করে তো ইতিহাসই গড়ে ফেললেন। ১৮ বছর ৩৫ দিন বয়সে গোল করে চ্যাম্পিয়ন্স লিগে রেয়ালের ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলস্কোরার এখন তিনিই। 

ওই সময়ে পাস না দিয়ে এন্দ্রিক যে ঝুঁকির পথ বেছে নিয়েছেন, সেটা বললেন আনচেলত্তিও। তবে শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান তরুণের সাহসিকতার প্রশংসাও করলেন কোচ। 

“ছেলেটার সাহস আছে। ম্যাচের শেষ শট ছিল সেটি। থ্রি-অন-ওয়ান অবস্থায় সবচেয়ে উপযুক্ত কাজ হতে পারত পরিস্থিতিটাকে কাজে লাগানো, দুই পাশে এমবাপে ও ভিনিসিউস ছিল অপেক্ষায়। তবে গোল করার আত্মবিশ্বাস তার আছে। সবচেয়ে কঠিন পথটাই সে বেছে নিয়েছে, কিন্তু সেই কাজটা খুব ভালোভাবে করতে পেরেছে। মূল লক্ষ্য তো গোল করা।”

শুধু এই ম্যাচ বা এই গোলের কারণে নয়, প্রতিদিন অনুশীলনে দেখেও এন্দ্রিককে বিশেষ একজন হিসেবেই মনে ধরেছে আনচেলত্তির। 

“অনেকে যা ভাবতেও পারে না, তেমন কিছু করার সামর্থ্য আছে এন্দ্রিকের। এখানেই যেমন, কেউ ভাবতে পারেনি, ওই অবস্থা থেকে সে শট নেবে। সহজাত এই উপহার সে পেয়েছে। অনেক স্ট্রাইকারের যা স্বপ্ন, সেরকম কার্যকর ও নির্ধারক হওয়ার সহজাত ক্ষমতা তার আছে।”

“তার মধ্যে স্পেশাল কিছু ব্যাপার আছে, অনুশীলনেও সেটা চোখে পড়ে। বিশেষ কিছু আছে, যা আমি দেখিনি কখনোই। খুবই শক্তিশালী ও গতিময় শট নিতে পারে সে।”

এমবাপে-এন্দ্রিকরা গোল করলেও ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন থিবো কোর্তোয়া। তিনি বাধার দেয়াল হয়ে না দাঁড়ালে ম্যাচের প্রথম ভাগেই দুই-তিন গোল হজম করে ফেলতে পারত রেয়াল। ম্যাচজুড়েই তিনি বরাবরের মতো ছিলেন দলের ত্রাতা। তবে তিনিও মুগ্ধ এন্দ্রিকের প্রতিভায়। গোলটি নিয়ে মজা করলেও তরুণ সতীর্থের এন্দ্রিকের সহজাত সামর্থ্য আলাদা করে ফুটে উঠেছে এই গোলকিপারের চোখেও। 

“সে যদি গোল করতে না পারত, তাহলে তো ওরা দুজন (এমবাপে ও ভিনিসিউস) তাকে মেরেই ফেলত! তবে গোলে শট নেওয়ার আত্মবিশ্বাস তার আছে। তার শট খুবই শক্তিশালী। গোল করার পর তো সবাইকে চুপ থাকতেই হয়।”

“এই গোলেই তার ব্যক্তিত্ব ফুটে উঠেছে। অনেক গুণ আছে ছেলেটির।”