লেভানদোভস্কির পেনাল্টি শট ও আইএফএবি’র নিয়ম নিয়ে মিয়াঁর উপহাস
পেনাল্টি শটের সময় গোলরক্ষকদের পিঠ ঘুরিয়ে পোস্টের নিচে দাঁড়াতে হবে, বিদ্রুপাত্মক এমন পোস্ট দিয়েছেন ফরাসি গোলরক্ষক।
প্রথম প্রচেষ্টায় রবের্ত লেভানদোভস্কির পেনাল্টি শট ফিরিয়েছিলেন মাইক মিয়াঁ। কিন্তু পোলিশ স্ট্রাইকারের শট নেওয়ার আগে তিনি লাইন ছেড়ে বেরিয়ে আসায় ফের শট নেওয়ার সুযোগ পান লেভানদোভস্কি। ফিরতি শট আটকাতে পারেননি ফরাসি গোলরক্ষক। হতাশ মিয়াঁ তাই লেভানদোভস্কির পেনাল্টি নেওয়ার কৌশল, ফুটবলের নিয়ম প্রণয়নকারী সংস্থা আইএফএবি’কে নিয়ে উপহাস করতে ছাড়লেন না।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার পোল্যান্ডের বিপক্ষে ১-১ ড্রয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষস্থান হাতছাড়া হয় ফ্রান্সের। কিলিয়ান এমবাপের গোলে এগিয়ে যাওয়া ফরাসিরা ছিল জয়ের পথে, ৭৯তম মিনিটে লেভানদোভস্কি পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে সমতার স্বস্তি এনে দেন পোল্যান্ডকে।
প্রতিপক্ষের ওই পেনাল্টি নিয়ে হতাশা, উষ্মা প্রকাশ করেছেন মিয়াঁ। লেভানদোভস্কির প্রথম শট ছিল দুর্বল, বলের লাইনে থাকা ফরাসি গোলরক্ষককে বল আটকাতে তেমন বেগ পেতে হয়নি। ওই সেভের পর সতীর্থদের অভিনন্দন পেতে থাকেন মিয়াঁ। একই সময় লেভানদোভস্কি রেফারির কাছে আবেদন করেন; তার দাবি, লাইন থেকে আগেই বেরিয়ে এসেছেন গোলরক্ষক।
ভিএআর নিশ্চিত করে মিয়াঁর লাইন ছেড়ে আগেভাগে বেরিয়ে আসা। ফলে ফের শট নেওয়ার সুযোগ পান লেভানদোভস্কি। আগেরবার দুই দফা থেমে-থেমে দৌড়ে গোলরক্ষককে বিভ্রান্ত করার কৌশল নেন তিনি, এই কৌশলকে বলে ‘ফেইন্টিং’, কিন্তু পরেরবার তিন বার এই কাজটি করে একই দিকে শট নেন, এবার আর ফরাসি গোলরক্ষক পারেননি আটকাতে।
নিয়ম অনুযায়ী বল অব্দি পৌঁছানোর আগ পর্যন্ত থেমে-থেমে দৌড়ানো যাবে, কিন্তু শট নেওয়ার আগমুহূর্তে থামা যাবে না। ইনস্টাগ্রাম পোস্টে এই নিয়ম নিয়েও উপহাস করেছেন মিয়াঁ।
“যেহেতু আক্রমণকারী তার রান-আপে ৮৭তম বার থামলেন” এই শিরোনামে পোস্টটি দেন মিয়াঁ।
“আইএফএবি’র ২০২৬ সালের নতুন পেনাল্টি আইন: গোলরক্ষককে অবশ্যই শটের সময় পিঠ ঘুরিয়ে দাঁড়াতে হবে। যদি সেভ হয়ে যায়, তাহলে ইনডিরেক্ট ফ্রি কিক।”
মিয়াঁ ঠাট্টা-বিদ্রুপ করলেও এই কৌশলে পেনাল্টি নিয়ে দারুণ সফল লেভানদোভস্কি। এই পোলিশ স্ট্রাইকার ক্যারিয়ারে ৮০ বার পেনাল্টিতে লক্ষ্যভেদ করেছেন, মিস করেছেন মাত্র ৯ বার।
