২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

নতুন চেহারার ম্যানচেস্টার ইউনাইটেডে সাফল্যের আশায় মাউন্ট

পেছনের ব্যর্থতা মুছে দলকে আবার চ্যাম্পিয়ন্স লিগে দেখতে চান এই ইংলিশ মিডফিল্ডার, অন্ততপক্ষে যেকোনো ইউরোপীয় টুর্নামেন্টে।

নতুন চেহারার ম্যানচেস্টার ইউনাইটেডে সাফল্যের আশায় মাউন্ট
ম্যাসন মাউন্ট। ছবি: র‍য়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2025, 04:40 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

পুরোনো সতীর্থদের সঙ্গে দলে যোগ হয়েছে নতুন সদস্য। তাতে ম্যানচেস্টার ইউনাইটেডের একাদশে জায়গা পাওয়ার লড়াইও বেড়েছে। তবে কোচ হুবেন আমুরির কৌশলে গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী ম্যাসন ম্যাউন্ট। একই সঙ্গে দল গত মৌসুমের টানা ব্যর্থতার হতাশা ঝেরে ফেলতে পারবে বলেও আশাবাদী এই ইংলিশ মিডফিল্ডার।

দলের মতো গত মৌসুমটা মাউন্টেরও ভুলে যাওয়ার মতো কেটেছে। চোট ভীষণ ভুগিয়েছে তাকে। পুরোপুরি সুস্থ হয়ে গত মে মাসে ইউরোপা লিগের ফাইনালে শুরুর একাদশে জায়গা করে নেন তিনি; কিন্তু টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে শিরোপা লড়াইয়ে লক্ষ্য পূরণ হয়নি।

প্রিমিয়ার লিগে ৩৮ ম্যাচের মাত্র ১১টিতে জিতে টেবিলের ১৫তম হয়ে গত আসর শেষ করে ইউনাইটেড। ঘরোয়া ফুটবলের অন্য দুই প্রতিযোগিতায়ও তাদের পারফরম্যান্স ছিল ছন্নছাড়া।

দলকে কক্ষপথে ফেরাতে নতুন করে স্কোয়াড গোছানোয় মনোযোগ দিয়েছেন কোচ আমুরি। চলতি দলবদলে এখন পর্যন্ত ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাথেউস কুইয়া ও ক্যামেরুনের ফরোয়ার্ড ব্রায়ান এমবুমোকে দলে টানতে ১৩ কোটি ৫০ লাখ পাউন্ড খরচ করেছে ইউনাইটেড। দুজনই প্রয়োজনে মিডফিল্ডার হিসেবে খেলতে পারদর্শী।

এই দুজনই দলে যোগ হওয়ায় আমুরির ৩-৪-৩ ফরমেশনে দারুণ প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে। একই পজিশনে এর আগে ব্রুনো ফের্নান্দেস, কবি মাইনো ও আমাদ দিয়ালোকে খেলিয়েছেন এই পর্তুগিজ কোচ।  

তবে এসব তেমন একটা ভাবাচ্ছে না মাউন্টকে। প্রাক মৌসুমের প্রস্তুতিপর্বে বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে আছে ইউনাইটেড দল। সেখানেই শিকাগোয় টিম হোটেলে তিনি নিজের সামর্থ্য দিয়ে একাদশে জায়গা করে নেওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেন।

“এটা প্রতিযোগিতা। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে পারফর্ম করতে হলে প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতেই হবে এবং দল হিসেবে আমরা জিততে চাই এবং এই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ।”

“আমরা দল হিসেবে পারফর্ম করতে চাই। আমরা জানি, গত মৌসুম আমাদের ভালো কাটেনি। তাই এখন সেই ব্যর্থতা ছেড়ে ফেলার সময়। নতুন যারা দলে এসেছে, এখন পর্যন্ত অনুশীলনে তারা দারুণ কাজ করছে।”

২০১৪-১৫ মৌসুমের পর এবারই প্রথম ইউরোপীয় কোনো প্রতিযোগিতায় নেই ইউনাইটেড। চরম এই হতাশা আসছে মৌসুমেই ঝেড়ে ফেলতে চান মাউন্ট।

“চ্যাম্পিয়ন্স লিগে উঠতে পারলে চমৎকার হবে এবং দল হিসেবে আমরা এই প্রতিযোগিতায় খেলতে চাই। তবে আমি বলব ইউরোপ, আমার মতে, আপাতত এটাই লক্ষ্য।”