উপভোগের মন্ত্রে জার্মানিকে ‘বিরক্ত’ করার লক্ষ্য সুইস কোচের
শক্তিশালী জার্মানির বিপক্ষে জিততেই হবে-এমন চাপ নিতে চান না সুইজারল্যান্ড কোচ মুরাত ইয়াকিন।
‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানেই আছে সুইজারল্যান্ড। জার্মানির বিপক্ষে আসছে ম্যাচ জিততেই হবে, এমন চাপ তাই নিতে চান না দলটির কোচ মুরাত ইয়াকিন। জার্মানিকে যতটা সম্ভব সমস্যায় ফেলাই সুইজারল্যান্ড কোচের চাওয়া।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রোববার প্রতিযোগিতার তিনবারের চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি হবে সুইজারল্যান্ড। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মানি।
৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা সুইজারল্যান্ডেরও ভালো সম্ভাবনা আছে পরের ধাপে যাওয়ার। এই পয়েন্ট নিয়েই নকআউট পর্বে উঠতে গোল পার্থক্যে স্কটল্যান্ডের চেয়ে ভালো অবস্থানে থাকতে হবে তাদের। এ মুহূর্তে স্কটিশদের (-৪) চেয়ে বেশ ভালো অবস্থানে আছে সুইসরা (+২)।
ইয়াকিন তাই জার্মানির বিপক্ষে ম্যাচে কোনো চাপ নিতে চান না; বরং উপভোগ করতে চান। দলে চোট সমস্যা না থাকায় আরও নির্ভার তিনি।
“সব খেলোয়াড়কেই পাচ্ছি আমি। যেহেতু আগামীকাল (রোববার) আমাদের জয়ের খুব প্রয়োজনীয়তা নেই, সেহেতু চাপে ভুগব না। আমরা চেষ্টা করব আমাদের প্রতিপক্ষকে বিরক্ত করতে, তাদের জন্য সমস্যা তৈরি করতে এবং ভালো একটা ম্যাচ খেলতে।”
“এটা মজার একটা ম্যাচ হবে, যেটার দিকে তাকিয়ে আছি আমরা। লড়াইটা আমার ও নাগেলসমানের (জার্মানি কোচ) এবং কৌশলের। নিজেদের সেরাটা দিতে চাই আমরা।”
সুইজারল্যান্ডের দুই-তৃতীয়াংশেরও বেশি ফুটবলার খেলেন জার্মানির ক্লাবগুলোতে। ফলে, জার্মানদের কৌশল সম্পর্কে ভালো ধারণা আছে সুইসদের। ইয়াকিন তাই আরও বেশি আশাবাদী। কদিন ধরে আলোচনায় ফ্রাঙ্কফুর্টের পিচ্ছিল মাঠ, তা নিয়েও মজা করলেন তিনি।
“আমরা রক্ষণাত্মক হতে চাই না। আমাদের খেলোয়াড়দের যে দক্ষতা আছে, সেটা মেলে ধরতে চাই।”
“একটা ভয়ঙ্কর মাঠে আমরা এক সপ্তাহ অনুশীলন করেছি। তো, এটা আমাদের জন্য উপকারী হতে পারে (হাসি)।”
