ব্রাজিলের তরুণদের বিপক্ষে উড়ে গেল রিফাত-মানিকরা
অনূর্ধ্ব-২০ বয়সীদের এই প্রতিযোগিতায় বাংলাদেশের দল রেড গ্রিন ফিউচার স্টারের শুরুটা হলো বড় হার দিয়ে।
সময় গড়ানোর সঙ্গে বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার ও ব্রাজিলের সাও বার্নার্দোর মধ্যে ব্যবধান স্পষ্ট হতে থাকল। শারীরিক সামর্থ্যে, কৌশলে এগিয়ে থাকা ভিতিনিও-মিরান্দারা পাসিং ফুটবল ও দারুণ ফিনিশিংয়ের মিলনে শৈল্পিক ফুটবলের পসরা মেললেন। অনায়াস জয়ে লাতিন-বাংলা সুপার কাপ শুরু করল সাও বার্নার্দো।
শুক্রবার শীতের রাতে জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে ফুটবলপ্রেমীরা এসেছিলেন ব্রাজিল, আর্জেন্টিনা ও বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দল নিয়ে শুরু হওয়া লাতিন-বাংলা সুপার কাপ উপভোগ করতে। অবশ্য তাদেরকে বড় কোনো চমক উপহার দিতে পারেননি ইকরামুল-রিফাতরা। ব্রাজিলের তৃতীয় স্তরের দল সাও বার্নার্দোর বিপক্ষে ৪-০ গোলে হেরেছে স্বাগতিকরা।
রেড গ্রিন গোলমুখ আগলে রাখতে পারে ২৭ মিনিট পর্যন্ত। বাইলাইনের একটু ওপর থেকে মেন্দেসের কাটব্যাকে মুরিওর জোরাল প্লেসিং শট চোখের পলকে জালে লুটোপুটি খেলে এগিয়ে যায় সাও বার্নার্দো।
৩১তম মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ এসেছিল মোহাম্মদ মানিকের সামনে। গোলকিপারকে একা পেয়েও শট নেননি তিনি। সতীর্থকে পাস বাড়াতে গিয়ে হারান বল। এর একটু পরই ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিলের দলটি।
৫০তম মিনিটে উরি ভিয়ানার সফল স্পট কিকে ব্যবধান আরও বাড়িয়ে নেয় লাতিন আমেরিকার দলটি। ৬৫তম মিনিটে বডি ডজে ডিফেন্ডারকে বোকা বানিয়ে নিচু শটে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ভিতিনিও।
শেষ দিকে ব্যবধান কমাতে মরিয়া হয়ে ওঠে রেড গ্রিন। কিন্তু ৮০তম মিনিটে রিফাত কাজীর শট পোস্টে লেগে ফিরলে সান্ত্বনার গোলও পায়নি স্বাগতিকরা।
সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে রেড গ্রিন ফিউচার স্টার খেলবে আর্জেন্টিনার বুয়েনস এইরেসভিত্তিক স্থানীয় ক্লাব আতলেতিকো চার্লোনের বিপক্ষে। দলটি মূলত স্থানীয় পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্ট ও প্রীতি ম্যাচ খেলে থাকে।
আগামী ১১ ডিসেম্বর মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনার দুই ক্লাব। এদিন দুই গ্রেট কাফু ও ক্লদিও ক্যানিজিয়া উপস্থিত থাকবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন এই প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান এ এফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড।
