২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খেলা শুরুর ৩ সেকেন্ড পরই লাল কার্ড

ব্রাজিলের শীর্ষ লিগে শনিবার দেখা গেছে এই ঘটনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2024, 04:49 PM

Updated : 26 Aug 2026, 10:48 AM

রেফারি তখন খেলা শুরুর বাঁশি বাজিয়েছেন মাত্র। গ্যালারির দর্শকেরা মাত্র নড়েচড়ে বসতে শুরু করেছেন। এর মধ্যেই আরেকবার বাঁশি বাজালেন রেফারি। এবার ফাউল ও সরাসরি লাল কার্ড!

ব্রাজিলের শীর্ষ লিগ সেরি আ-তে শনিবার দেখা গেছে এই ঘটনা। আথলেতিক পারানাইন্সির বিপক্ষে ম্যাচ শুরুর ৩ সেকেন্ড পরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ক্রুজেইরোর হাফায়েল দা সিলভা।

খেলার শুরুর পরপরই বলের লড়াইয়ে আথলেতিকের ডিফেন্ডার কাইকি হশার গলার নিচে কনুই দিয়ে মেরে বসেন হাফায়েল। ৩২ বছর বয়সী ফরোয়ার্ডকে তখনই লাল কার্ড দেখান রেফারি রদিগ্রো জোসে পেরেইরা দা লিমা।

ফুটবল ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির লাল কার্ডের একটি মনে করা হচ্ছে এটিকে। 

নিচু সারির দল আথলেতিকের বিপক্ষে এই ম্যাচে নিয়মিত দলের বেশ কজনকে বিশ্রাম দিয়ে একাদশ সাজিয়েছিল ক্রুজেইরো। শুরুতেই হাফায়েলের ওই লাল কার্ডের পর খেই হারানো দল আর লড়াই করতেই পারেনি। আথলেতিকো ম্যাচ জিতে নেয় ৩-০ গোলে।