২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে ফেরাটা সুখকর হলো না লেভানদোভস্কির

যেখানে মুঠো ভরে পেয়েছেন ও দিয়েছেন, সেখানে ফেরার উপলক্ষ মনে রাখার মতো হলো না পোলিশ তারকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2024, 09:41 PM

Updated : 10 Sep 2026, 12:09 PM

ক্লাব ক্যারিয়ারের অর্ধেকের বেশি সময় রবের্ত লেভানদোভস্কির কেটেছে জার্মানিতে। করেছেন গোলের পর গোল। রেকর্ডের পর রেকর্ড হয়েছে সঙ্গী। এই দেশে থেকেই তিনি নাম ছড়িয়েছেন বিশ্ব ফুটবলে, হয়ে উঠেছেন সময়ের সেরা ফুটবলারদের একজন।

ক্যারিয়ারের গোধূলি বেলায় সেই দেশে তিনি ফিরলেন জাতীয় দলের হয়ে। তবে উপলক্ষটা মনে রাখার মতো হলো না। প্রথম দল হিসেবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব থেকেই যে বিদায় নিল তার দেশ পোল্যান্ড।

মহাদেশীয় টুর্নামেন্টটি শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে ঊরুতে চোট পান লেভানদোভস্কি। ফলে ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি খেলতে পারেননি। শুরুতে এগিয়ে গিয়েও ম্যাচটি ২-১ গোলে হেরে যায় পোল্যান্ড।

শুক্রবার অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি নামেন লেভানদোভস্কি। তবে তেমন কিছু করে দেখাতে পারেননি ৩৫ বছর বয়সী স্ট্রাইকার। এবার ৩-১ গোলে হেরে যায় তার দল। দিনের পরের ম্যাচে ফ্রান্স-নেদারল্যান্ডসের গোলশূন্য ড্রয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় পোলিশদের।

ছয় গ্রুপের শীর্ষ দুটি করে গোল এবং গ্রুপে তৃতীয় হওয়া সেরা চার দল পাবে শেষ ষোলোর টিকেট। গ্রুপে শেষ ম্যাচে মঙ্গলবার টুর্নামেন্টের ফেভারিট ফ্রান্সকে হারালেও সেই চার দলের একটি হওয়ার সম্ভাবনা আর নেই পোল্যান্ডের। 

দুটি করে ইউরো ও বিশ্বকাপ জয়ী ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি পোল্যান্ড খেলবে ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে। ডর্টমুন্ডের এই আঙিনা লেভানদোভস্কির প্রিয় জায়গাগুলো একটি। বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে এই মাঠে তিনি কাটিয়েছেন চার বছর। পরে বায়ার্ন মিউনিখের জার্সিতে খেলেছেন আট বছর।

জার্মানির শীর্ষ লিগ বুন্ডেসলিগায় এক যুগের অধ্যায়ে ঈর্ষণীয় সব সাফল্য পেয়েছেন তিনি। পাঁচবার হয়েছেন লিগের সর্বোচ্চ স্কোরার। লিগে ৩৮৪ ম্যাচে তার গোল ৩১২টি। তার চেয়ে বেশি গোল আছে কেবল কিংবদন্তি জার্ড মুলারের, ৩৬৫টি। 

একটি জায়গায় অবশ্য মুলারকে ছাড়িয়ে লেভানদোভস্কি। বুন্ডেসলিগার এক আসরে মুলারের ৪০ গোলের ৪৯ বছরের রেকর্ড তিনি ভেঙে দেন ২০২০-২১ মৌসুমে, ৪১ গোল করে।

পোল্যান্ডের হয়ে ১৫১ ম্যাচে লেভানদোভস্কির গোল ৮২টি, দুটিই জাতীয় দলের হয়ে রেকর্ড। ২০২৬ বিশ্বকাপ আসতে আসতে তার বয়স হয়ে যাবে প্রায় ৩৮। অনেকের তাই ধারণা, এবারের ইউরোই হয়তো জাতীয় দলের হয়ে তার শেষ বড় টুর্নামেন্ট।

টুর্নামেন্ট শুরুর আগে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, “আমি হ্যাঁ বা না বলতে পারব না। এটি অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করে।”

“নিজের ভেতরে যদি কিছু অনুভব করি, নিজেকে যদি বলি যে, ‘ঠিক আছে, হয়তো বিদায় জানানোর সময এসে গেছে’, তাহলে আমি জানব যে সময়টা হয়ে আসছে। কিন্তু এখন পর্যন্ত, আমার এই ধরনের অনুভূতি হয়নি।”

আন্তর্জাতিক ফুটবলে তার ভবিষ্যৎ হয়তো মঙ্গলবারের ম্যাচের পর পরিষ্কার হয়ে যাবে। যদিও গত মৌসুমে বার্সেলোনার হয়ে লা লিগায় ১৯ গোল প্রমাণ করে, গোলের ক্ষুধা একটুও কমেনি লেভানদোভস্কির।