আবারও গোল নেই মেসির, বড় হার মায়ামির
ম্যাচের ৬৫ শতাংশ সময় বল নিজেদের কাছে রেখেও কোনো গোল করতে পারলেন না লিওনেল মেসি, লুইস সুয়ারেসরা, উল্টো গোল হজম করলেন তিনটি।
লিওনেল মেসি খেললেন পুরো সময়। ব্যক্তিগত কারণে দুই ম্যাচ না খেলার পর ফিরলেন লুইস সুয়ারেস। জর্দি আলবা, সের্হিও বুসকেতসরা মাঠে রইলেন পুরো সময়। ম্যাচের ৬৫ শতাংশ বল নিজেদের কাছে রাখল দল। কিন্তু গোল তো করতে হবে! আসল কাজটিই করতে পারল না ইন্টার মায়ামি। উল্টো গোল হজম করল তিনটি!
মেজর লিগ সকারে ফ্লোরিডা রাজ্যের দুই দলের লড়াইয়ে দুঃসময়ের চক্রে থাকা ইন্টার মায়ামিকে তাদের মাঠেই ৩-০ গোলে হারাল ওরল্যান্ডো সিটি।
৪৩তম মিনিটে এগিয়ে যাওয়া ওরল্যান্ডো ব্যবধান বাড়ায় ৫৩তম মিনিটে। মায়ামি গোল শোধ করবে কী, উল্টো ম্যাচের শেষ বেলায় যোগ করা সময়ে গোল হজম করে বসে আরেকটি।
আগের ম্যাচে একদমই নিষ্প্রভ থেকে বেশ কিছু ভুল করা মেসি এই ম্যাচে কিছু ঝলক দেখিয়েছেন বটে। তবে প্রত্যাশিত চেহারার কাছাকাছিও ছিলেন না। ওরল্যান্ডোর জমাট রক্ষণের কাছে বারবার ব্যর্থ হয়েছেন তিনি ও সুয়ারেস।
আগের ম্যাচ শেষে রেফারির ওপর ক্ষিপ্ত হয়ে হলুদ কার্ড দেখা মায়ামি অধিনায়ক এ দিনও রেফারির সঙ্গে ঝামেলা পাকান। হলুদ কার্ড পান তিনি এই ম্যাচেও।
চলতি লিগে ১০ ম্যাচে মেসির গোল ৫টি।
দুই বছর পর মায়ামির বিপক্ষে জয়ের মুখ দেখল ওরল্যান্ডো। মেসির খেলার ম্যাচে মায়ামির বিপক্ষে তাদের জয় এটিই প্রথম। ফ্লোরিডা ডার্বিতে মায়ামির চার ম্যাচের অপরাজেয় যাত্রাও থেমে গেল।
বাংলাদেশ সময় সোমবার সকালের এই ম্যাচে গোলে ২১টি শট নিয়ে স্রেফ চারটি লক্ষ্যে রাখতে পারেন মেসিরা। এর মধ্যে একটিও ঢোকেনি জালে। ওরল্যান্ডো সিটি স্রেফ ৩৫ শতাংশ সময় বল নিজেদের কাছে রাখলেও গোলে শট নেয় ১৬টি। এর ৮টিই ছিল লক্ষ্যে।
সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ সাত ম্যাচের মধ্যে মায়ামির এটি পঞ্চম পরাজয়। বাকি দুই ম্যাচের একটিতে তারা জিতেছে, আরেকটি করেছে ড্র।
ওরল্যান্ডো সব প্রতিযোগিতা মিলিয়ে অপরাজিত রইল টানা ১২ ম্যাচে।
বল নিয়ন্ত্রণে মায়ামি অনেক এগিয়ে থাকলেও আরও একবার রক্ষণভাগের দুর্বলতার খেসারত দিতে হলো মায়ামিকে। বিশেষ করে ‘কাউন্টার অ্যাটাক’-এ তাদের নড়বড়ে অবস্থা ফুটে উঠল আবার। সবশেষ তিন ম্যাচেই তারা গোল হজম করল ১০টি!
নতুন কোচ হাভিয়ের মাসচেরানোর কোচিংয়ে শুরুটা দারুণ করলেও এখন দলকে মনে হচ্ছে ছন্নছাড়া। ১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার ছয়ে নেমে গেল তারা।
