২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেদের ‘আসল চেহারা’ দেখাতে চান লিভারপুল কোচ

সম্ভাব্য সেরা অবস্থানে থেকে মৌসুম শেষ করতে চান লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2023, 06:47 PM

Updated : 27 Apr 2023, 08:48 PM

হতাশায় ভরা মৌসুমের শেষ ভাগে এসে হঠাৎ আলোর রেখা খুঁজে পেয়েছে লিভারপুল। প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় পেয়েছে দলটি। এই আত্মবিশ্বাসে মৌসুমের বাকি অংশেও ভালো করার আশাবাদ দলটির কোচ ইয়ুর্গেন ক্লপের। 

লিগে বুধবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও ২-১ গোলের দুর্দান্ত জয় তুলে নেয় লিভারপুল। 

এই জয়ের পর লিগে ৩২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ক্লপের দল। পরপর তিন ম্যাচে জয়ের আগে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে জমজমাট লড়াইয়ে ২-০ তে পিছিয়ে থাকার পর ২-২ গোলে ড্র করে তারা। 

সব মিলিয়ে গত চার ম্যাচে দল যেভাবে খেলছে, তাতে সন্তুষ্ট ক্লপ। এই মৌসুমে খুব বেশি প্রাপ্তির কিছু না থাকলেও শেষটা ইতিবাচকভাবে করা গুরুত্বপূর্ণ এই জার্মানের কাছে। ওয়েস্ট হ্যাম ম্যাচের পর ৫৫ বছর বয়সী এই কোচ বলেন, সামনে কী হবে তা না ভেবে কেবল ভালো খেলতে চান তারা। 

“আমি চাই আমরা যেন সম্ভাব্য সবচেয়ে ভালোভাবে মৌসুমটা শেষ করি। এই মৌসুম থেকে আগামী মৌসুমের জন্য কিছু নিয়ে যেতে চাই, সেটা যদি ইউরোপীয় প্রতিযোগিতা হয়, দুর্দান্ত। আর যদি তা না হয়, তাহলে আমাদের সেটাও মেনে নিতে হবে এবং সেখান থেকে এগিয়ে যেতে হবে।” 

“অন্তত কয়েক সপ্তাহের জন্য আমাদের আসল চেহারা দেখাতে চাই। সেটা করা আসলেই কঠিন। আমরা তা করেছিও তিন ম্যাচে-আসলে সাড়ে তিন ম্যাচ-আর্সেনালের বিপক্ষে দ্বিতীয়ার্ধও দুর্দান্ত ছিল।” 

মৌসুমের এই পর্যায়ে লিভারপুলের মূল চ্যালেঞ্জ প্রিমিয়ার লিগে শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করা। তবে সেটা পুরোপুরিভাবে নিজেদের হাতে নেই দলটির। 

পয়েন্ট টেবিলে লিভারপুলের চেয়ে এক ম্যাচ বেশি খেলা অ্যাস্টন ভিলা ৫৪ পয়েন্টে আছে পঞ্চম স্থানে। তিন ও চারে আছে যথাক্রমে নিউক্যাসল ইউনাইটেড (৩১ ম্যাচে ৫৯ পয়েন্ট) ও ম্যানচেস্টার ইউনাইটেড (৩১ ম্যাচে ৫৯ পয়েন্ট)। 

ক্লপ মনে করেন, অন্য দলগুলোকে চাপে রাখতে তাদের সেরা পারফরম্যান্সের বিকল্প নেই। 

“আমি এখনও (শীর্ষ চারের) দৌড়ে নিজেদের দেখতে পাচ্ছি না, কারণ আমরা ওই লড়াইয়ে থাকার অবস্থানে নেই। এখন আমাদের একমাত্র কাজ হলো ম্যাচ জেতা, যেন তা অন্য দলগুলোর ওপর চাপ সৃষ্টি করে। তবে সেটাও আমাদের হাতে নেই কারণ আমরা তাদের (নিউক্যাসল ও ম্যানচেস্টার ইউনাইটেড) বিপক্ষে খেলব না।”