‘সেরাটা নিংড়ে দিতে হবে’, সোসিয়েদাদ ম্যাচ নিয়ে রেয়াল মাদ্রিদ কোচ
কিলিয়ান এমবাপেকে নিয়েও সুখবর দিয়েছেন কোচ আলভারো আরবেলোয়া।
লা লিগায় শীর্ষে ফেরার হাতছানিতে সাড়া দিতে জিততে হবে রেয়াল সোসসিয়েদাদের বিপক্ষে। প্রতিপক্ষ দারুণ ছন্দে থাকায় বাড়তি সতর্ক আলভারো আরবেলোয়া। জয়ের জন্য তাই সেরাটা নিংড়ে দেওয়ার কোনো বিকল্প দেখছেন না রেয়াল মাদ্রিদ কোচ।
ঘরের মাঠে শনিবার বাংলাদেশ সময় রাত ২টায় সোসিয়েদাদের মুখোমুখি হবে ২৩ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা রেয়াল। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে বর্তমানে শীর্ষে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।
নতুন কোচের হাত ধরে লিগে দারুণ গতিতে ছুটছে সোসিয়েদাদ। গত ডিসেম্বরে কোচ পেল্লেগ্রিনো দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত হারেনি সোসিয়েদাদ। এর মধ্যে বার্সেলোনাকে লা লিগায় হারিয়েছে তারা, ড্র করেছে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে।
পয়েন্ট টেবিলে যদিও অষ্টম স্থানে আছে সোসিয়েদাদ, তবে তাদের সাম্প্রতিক সময়ের ঝলমলে পারফরম্যান্সের কারণেই সতর্ক আরবেলোয়া।
“রেয়াল সোসিয়েদাদ যে ছন্দে আছে এবং নতুন কোচের কোচিংয়ে তারা কতটা ভালো পারফরম করছে, সেটা আমরা জানি। তারা (দুই মাস ধরে) অপরাজিত রয়েছে, এর মধ্যে বার্সেলোনা ও আতলেতিকোর বিপক্ষেও খেলেছে। আমরা তাদের সম্পর্কে জানি এবং উপলব্ধি করতে পারছি, ম্যাচটা কতটা কঠিন হবে। তিন পয়েন্ট পেতে চাইলে আমাদের সেরাটা মেলে ধরতে হবে।”
অস্বস্তি অনুভব করায় মাঝে দুদিন দলের সাথে অনুশীলন করেননি কিলিয়ান এমবাপে। সোসিয়েদাদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফরাসি ফরোয়ার্ডকে নিয়ে অবশ্য স্বস্তির খবরই দিয়েছেন রেয়াল কোচ।
“এমবাপে ভালো আছে। সে দলের সাথে অনুশীলন করেছে এবং ম্যাচে তাকে পাওয়া যাবে।”
