১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নতুন চ্যালেঞ্জ নিতে নিউক্যাসল ছেড়ে আর্সেনালে গিমারাইস

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, সাড়ে সাত কোটি পাউন্ডে চার বছরের চুক্তিতে আর্সেনালে নাম লিখিয়েছেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

নতুন চ্যালেঞ্জ নিতে নিউক্যাসল ছেড়ে আর্সেনালে গিমারাইস
ব্রুনো গিমারাইস। ছবি: আর্সেনাল

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2026, 06:24 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

সবকিছু একরকম নিশ্চিতই ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণা। এবার সেটিও হয়ে গেল। নিউক্যাসল ইউনাইটেড ছেড়ে আর্সেনালে যোগ দিলেন ব্রুনো গিমারাইস।

এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে দীর্ঘমেয়াদী চুক্তিতে দলে নেওয়ার কথা শনিবার এক বিবৃতিতে জানিয়েছে ইংলিশ চ্যাম্পিয়নরা।

ক্লাবের পক্ষ থেকে আর্থিক বিবরণ প্রকাশ করা হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ট্রান্সফার ফি ধরা হয়েছে সাড়ে সাত কোটি পাউন্ড এবং চুক্তি হয়েছে চার বছরের, পাশাপাশি আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে চুক্তিতে।

নিউক্যাসলের ক্রীড়া পরিচালক রস উইলসন আগেই জানিয়েছেন, গিমারাইসকে বিক্রি করার কোনো ইচ্ছেই তাদের ছিল না।

আর্সেনালে যোগ দিয়ে উচ্ছ্বসিত ২৮ বছর বয়সী এই তারকা তুলে ধরলেন দলবদলের কারণ।

“আমার খুব ভালো লাগছে। এই সুযোগ পেয়ে আমি আনন্দিত। আন্দ্রেয়া বের্তা (আর্সেনালের ক্রীড়া পরিচালক) ও মিকেল আর্তেতার (কোচ) সঙ্গে প্রথমবার কথা বলার পর থেকেই আমি রোমাঞ্চিত ছিলাম। ভেতর থেকে অনুভব করছিলাম যে, আমার জীবনে একটি নতুন চ্যালেঞ্জ দরকার। আমি মনে করি, আর্সেনালের খেলোয়াড় হওয়াটা আমার জীবনের রোমাঞ্চকর চ্যালেঞ্জ হতে চলেছে।”

২০২২ সালের জানুয়ারিতে লিওঁ থেকে অবনমনের ঝুঁকিতে থাকা নিউক্যাসল দলে যোগ দেন গিমারাইস। সাবেক কোচ এডি হাওয়ের হাত ধরে দলটির ভাগ্য পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

গিমারাইসের নেতৃত্বে গত বছর ফাইনালে লিভারপুলকে হারিয়ে লিগ কাপ জয় করে নিউক্যাসল। ক্লাবের ইতিহাসে যা ৫৬ বছরের মধ্যে প্রথম ট্রফি, ৭০ বছরের মধ্যে প্রথম ঘরোয়া ট্রফি। 

গত দুই মৌসুম ধরে নিউক্যাসলের অধিনায়কত্ব করা গিমারাইস দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯৫টি ম্যাচ খেলে গোল করেছেন ৩১টি।