১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইয়ামাল ছন্দে ফেরায় খুশি ফ্লিক, তবে চোট নিয়ে সাবধানী

তরুণ স্প‍্যানিশ ফরোয়ার্ডের চোট নিয়ে অনিশ্চয়তায় উদ্বিগ্ন বার্সেলোনা কোচ।

ইয়ামাল ছন্দে ফেরায় খুশি ফ্লিক, তবে চোট নিয়ে সাবধানী
বল পায়ে এগিয়ে যাচ্ছেন বার্সেলোনা ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2025, 03:43 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

চ‍্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজের বিপক্ষে লামিনে ইয়ামালকে স্বরূপে ফিরতে দেখে খুশি হান্সি ফ্লিক। তবে কুঁচকির চোট নিয়ে তরুণ এই ফরোয়ার্ডকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন বার্সেলোনা কোচ। 

চ‍্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে তিনবার পিছিয়ে পড়ে ব্রুজের মাঠে ৩-৩ গোলে ড্র করে বার্সেলোনা। সফরকারীদের পয়েন্ট পাওয়ায় বড় অবদান ইয়ামালের। দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। পরে ব্রুজের আত্মঘাতী গোলটি হয় তার শট থেকেই। 

দীর্ঘস্থায়ী কুঁচকির চোট কয়েক সপ্তাহ ভোগানোর পর ধীরে ধীরে ছন্দে ফিরছেন ইয়ামাল। গত রোববার লা লিগায় এলচের বিপক্ষে ৩-১ ব‍্যবধানের জয়ে একটি গোল করেন তিনি। এই প্রতিযোগিতায় গত অগাস্টের পর সেই ম‍্যাচেই প্রথম জালের দেখা পান তিনি। 

চ‍্যাম্পিয়ন্স লিগে ব্রুজের বিপক্ষে বার্সেলোনার পয়েন্ট পাওয়ায় ইয়ামালের ছিল দারুণ অবদান। পায়ের দুর্দান্ত কারিকুরিতে দ্বিতীয়ার্ধে দলকে দ্বিতীয়বার সমতায় ফেরান তিনি। পরে তার শটেই হেড করে নিজেদের জালে পাঠান ব্রুজের ক্রিস্তোফ জোলিস। 

ম‍্যাচ শেষে ইয়ামালকে প্রশংসায় ভাসালেন বার্সেলোনা কোচ ফ্লিক।

“আমি খুশি যে ইয়ামাল এই পর্যায়ে ফিরতে পেরেছে। তবে আমরা জানি না, আগামীকাল কী হবে বা পরের রোববার। গুরুত্বপূর্ণ ব‍্যাপার হচ্ছে, সে তার পরিস্থিতি সামাল দিচ্ছে, কারণ এটা সহজ নয়।”     

“কীভাবে অনুশীলন করবে এ নিয়ে তাকে মনোযোগী থাকতে হবে এবং চিকিৎসার ব‍্যাপারেও। আশা করি,  এটা (ব‍্যথা) চলে গেছে।”

চার ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছে বার্সেলোনা। 

নিজেদের পরের ম‍্যাচে আগামী রোববার লা লিগায় সেল্তা ভিগোর মাঠে খেলবে বার্সেলোনা। শিরোপাধারীরা এই প্রতিযোগিতায় ১১ ম‍্যাচে ২৫ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। সমান ম‍্যাচে ৩০ পয়েন্ট নিয়ে চূড়ায় রেয়াল মাদ্রিদ।