২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প‍্যারাগুয়ের ফুটবলাররা এখন কিংবদন্তি,’ জার্মানিকে হারানোর পর বললেন কোচ

টাইব্রেকারে জয়ের পর উচ্ছ্বসিত প‍্যারাগুয়ে কোচ গুস্তাভো আলফারো বলেছেন, ২৬ যোদ্ধা গিয়েছিল লড়াইয়ে, ওরে ফিরেছে কিংবদন্তি হয়ে।

‘প‍্যারাগুয়ের ফুটবলাররা এখন কিংবদন্তি,’ জার্মানিকে হারানোর পর বললেন কোচ
জার্মানিকে হারানোর আনন্দে আত্মহারা প্যারাগুয়ের ফুটবলাররা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2026, 12:57 PM

Updated : 11 Sep 2026, 03:32 PM

চারবারের বিশ্ব চ‍্যাম্পিয়ন জার্মানিকে বিশ্বকাপ থেকে বিদায় করে দেওয়া ফুটবলারদের জন‍্য কোনো প্রশংসাই যেন যথেষ্ট মনে হচ্ছে না গুস্তাভো আলফারোর। তার মনে হচ্ছে অবিস্মরণীয় জয়ে ফুটবলাররা নিজেদের কিংবদন্তিতে পরিণত করেছেন। 

শেষ বত্রিশের রুদ্ধশ্বাস লড়াইয়ে টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পায় প্যারাগুয়ে। বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে শেষ হওয়া ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়।

ম‍্যাচ শেষে গর্ব ও উচ্ছ্বাসে যেন ভাসছিলেন প‍্যারাগুয়ে কোচ আলফারো।

“আমরা কখনও মনে করিনি যে আমরা হারব। ২৬ যোদ্ধা গিয়েছিল লড়াইয়ে আর তারা ফিরেছে কিংবদন্তি হয়ে।” 

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪-১ গোলে হারের পর প্রবল সমালোচনার মুখে পড়েন আলফারো। পরের দুই ম‍্যাচে তার দল করতে পারে কেবল একটি গোল। কোনোমতে জায়গা করে নেয় নকআউট পর্বে।

আর্জেন্টাইন কোচ বললেন, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওই হারের বড় ভূমিকা আছে জার্মানির বিপক্ষে এই জয়ের।

“আমরা যদি শিক্ষা না নিতাম তাহলে হয়তো এই ম‍্যাচের জন‍্য প্রস্তুত হতে পারতাম না।”

টাইব্রেকারে শেষ শটে প‍্যারাগুয়েকে জয় এনে দেন হোসে কানালে। কোচ মনে করেন, প‍্যারাগুয়ে, আর্জেন্টিনা ও মেক্সিকোর বিভিন্ন ক্লাবে ধারে খেলা এই ফুটবলার পেয়েছেন পরিশ্রমের পুরস্কার।

“যে পরিমাণ প্রতিকূলতার মধ‍্য দিয়ে কানালেকে যেতে হয়েছে, তাতে সে একজন প্রকৃত বিজয়ী। এমন রাত আপনাকে কেবল ভাগ‍্যই উপহার দিতে পারে। এটা ঐশ্বরিক বিচার।” 

শেষ ষোলোর ম‍্যাচে ফ্রান্স কিংবা সুইডেনের মুখোমুখি হবে প‍্যারাগুয়ে। আপাতত প্রতিপক্ষের নাম জানার অপেক্ষায় আলফারো।