২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমি ভিনিসিউসের বাবা বা ভাই নই’

ভিনিসিউস জুনিয়রের ব‍্যক্তিগত ব‍্যাপারে কখনও নাক না গলানোর কথা বললেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

‘আমি ভিনিসিউসের বাবা বা ভাই নই’
ভিনিসিউস জুনিয়র ও কার্লো আনচেলত্তি।  ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2025, 05:06 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

ভিনিসিউস জুনিয়রের ব‍্যক্তিগত ব‍্যাপারে একেবারেই নাক গলাতে চান না ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তিনি কেবল রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের ফুটবলীয় দিক নিয়েই কাজ করতে আগ্রহী। বললেন, ভিনিসিউসের বাবা বা ভাই নন তিনি। তিনি কোচ এবং সেই ভূমিকাতেই থাকবেন।

২০১৮ সালে রেয়াল মাদ্রিদে যোগ দেন ভিনিসিউস। তার তারকা হয়ে ওঠায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ২০২১ সালে ইউরোপের সফলতম ক্লাবটিতে দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে ফেরা আনচেলত্তির। রেয়াল ছেড়ে গত মে মাসে ব্রাজিল জাতীয় দলে যোগ দেন এই ইতালিয়ান কোচ। 

রেয়ালের মতো ব্রাজিল দলেও ভীষণ গুরুত্বপূর্ণ ভিনিসিউস। তবে মাদ্রিদের দলটিতে শাবি আলোন্সো কোচ হয়ে আসার পর পুরো ৯০ মিনিট খেলার সুযোগ মিলছে না তার। বেশিরভাগ সময় তাকে ম‍্যাচের শেষ দিকে তুলে নিচ্ছেন স্প‍্যানিশ কোচ। এ নিয়ে কিছু দিন আগে বার্সেলোনা ম‍্যাচে ভীষণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ভিনিসিউস।

পরে অবশ্য ক্ষমা চান এই ফরোয়ার্ড। কোচ আলোন্সো তখন বলেন, ভিনিসিউসের সঙ্গে সেই ঝামেলা মিটে গেছে এবং ভবিষ‍্যতে এই ঘটনার পুনরাবৃত্তি দেখতে চান না তিনি। 

নভেম্বরের দুই প্রীতি ম‍্যাচের জন‍্য সোমবার ব্রাজিলের ২৬ সদস‍্যের দল ঘোষণা করেন আনচেলত্তি। সংবাদ সম্মেলনে ভিনিসিউসের ক্লাসিকোর সেই আচরণ নিয়ে প্রশ্ন ওঠে। ২৫ বছর বয়সী তারকা যে ভুল করেছেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই ব্রাজিল কোচের।

“ভিনিসিউসের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। যখন কিছু ঘটে, আমরা পরস্পরকে সেটা জানাই। সেই ঘটনা ও তার প্রতিক্রিয়া নিয়ে আমি তার সঙ্গে কথা বলেছি।”

“আমার মতে সে ভুল করেছে, এবং সেটা ভিনিসিউসকে আমি বলেছি। সে ক্ষমা চেয়েছে, ব‍্যাপারটা ওখানেই শেষ। সে খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। এখানে, ক্লাবে বা কোচের সঙ্গে তার কোনো সমস‍্যা নেই। তার ব‍্যক্তিগত জীবন? আমি তার বাবা বা ভাই কোনোটাই নই। আমি কেবল তার কোচ থাকতে চাই। তার ব‍্যক্তিগত জীবন সম্পূর্ণ তার।”