আক্রমণভাগে শূন্যতা পূরণে জানুয়ারির দলবদলে নজর আর্সেনালের
তবে এই সময়ে ক্লাব খেলোয়াড় কিনবেই, তেমন কিছু নিশ্চিত করেননি কোচ মিকেল আর্তেতা।
কয়েক সপ্তাহের মধ্যে একের পর এক চোট আঘাত হেনেছে আর্সেনাল শিবিরে। সবশেষ অ্যাটাকিং মিডফিল্ডার ইথান ওয়ানেরি মাঠের বাইরে ছিটকে যাওয়ায়, জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে দৃষ্টি রাখবে বলে জানিয়েছেন দলটির কোচ মিকেল আর্তেতা।
মৌসুমের শুরু থেকে দারুণ ছন্দে এগিয়ে চলা বুকায়ো সাকা কিছুদিন আগে চোট পেয়ে লম্বা সময়ের জন্য ছিটকে পড়েন। এই ইংলিশ উইঙ্গারের শূন্যতা পূরণেই সুযোগ পান ওয়ানেরি।
গত দুই ম্যাচে শুরুর একাদশে মাঠে নামেন ১৭ বছর বয়সী এই ফুটবলার; সবশেষ লিগে ব্রাইটনের সঙ্গে ১-১ ড্র ম্যাচে দলের একমাত্র গোলটিও করেন তিনি। তবে চোট পাওয়ায় প্রথমার্ধেই তাকে তুলে নেন কোচ।
লিগ কাপের সেমি-ফাইনালে মঙ্গলবার নিউক্যাসল ইউনাইটেডের মুথোমুখি হবে আর্সেনাল। আগেরদিন সংবাদ সম্মেলনে ওয়ানেরির পেশির চোটের বিষয়টি নিশ্চিত করেন আর্তেতা।
“দুর্ভাগ্যবশত সে পেশিতে চোট পেয়েছে। কয়েক সপ্তাহ সে মাঠের বাইরে থাকবে।”
আরেক অভিজ্ঞ মিডফিল্ডার রাহিম স্টার্লিংও চোটে বাইরে আছেন। আসছে ম্যাচে কাই হাভার্টজের খেলা নিয়েও আছে শঙ্কা। আক্রমণভাগের শূন্যতা পূরণে যথেষ্ট বিকল্প না থাকার কারণেই, চলতি দলবদলে একজন খেলোয়াড় কেনার কথা ভাবছে ক্লাবটি। যদিও নিশ্চিত করে কিছু বলেননি আর্তেতা।
“দলবদলের বাজারে কী হয়, সেদিকে আমরা সতর্ক দৃষ্টি রাখব। (খেলোয়াড় কিনবে কিনা) এটা হ্যাঁ-ও নয়, আবার না-ও নয়।”
নিউক্যাসলের আলেকসান্দার ইসাকের প্রতি আর্সেনালের আগ্রহ আছে বলে খবর সংবাদমাধ্যমের। লিগে সবশেষ সাত ম্যাচে ৯ গোল করা সুইডেনের এই ফরোয়ার্ডকে অবশ্য কোনোভাবেই ছাড়তে রাজি নন নিউক্যাসল কোচ এডি হাও।
