বহু বছরের অধরা স্বপ্ন পূরণের বিশ্বাস ডামফ্রিসের
পূর্বের সব ব্যর্থতা এবার সাফল্যের রঙে ঢেকে দিতে চান এই ডাচ ডিফেন্ডার।
তিনবার ফাইনালে উঠেও একবারও বিশ্ব সেরার মুকুট পরতে পারেনি নেদারল্যান্ডস। আরেকটি বিশ্বকাপ সামনে রেখে, বহু বছরের সেই শূন্যতা পূরণের আশায় আবারও বুক বেঁধেছে এই দল ও দেশের মানুষ।
দলটির অভিজ্ঞ ডিফেন্ডার ডেনজেল ডামফ্রিসের মনে যেমন বিশ্বাস জন্মেছে, উত্তর আমেরিকা বিশ্বকাপেই স্বপ্ন পূরণের সামর্থ্য তাদের আছে।
ফুটবলের সর্বোচ্চ মঞ্চে শিরোপার খুব কাছে গিয়ে ডাচদের স্বপ্ন প্রথম ভাঙে ১৯৭৪ বিশ্বকাপে। সেবার টুর্নামেন্ট ফেবারিট হয়ে ফাইনালে তারা হেরে যায় পশ্চিম জার্মানির বিপক্ষে। চার বছর পরের আসরে একইভাবে তাদের সব আশা শেষ হয়ে যায় ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হেরে।
২০১০ সালে আরেকবার শেষ ধাপ পর্যন্ত যায় নেদারল্যান্ডস; এবার তাদের স্বপ্ন চুরমার হয়ে যায় স্পেনের বিপক্ষে অতিরিক্ত সময়ের শেষ দিকে একমাত্র গোলটি হজম করে। এছাড়া আরও দুইবার সেমি-ফাইনাল খেলেছে তারা।
কয়েক দশকের স্বপ্ন ভাঙার হতাশা এবার সাফল্যের রঙে ঢেকে দিতে মরিয়া দলটি। ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে সেই আত্মবিশ্বাসের কথাই শোনালেন ডামফ্রিস।
“বিশ্বকাপে আমরা কিছু দারুণ লক্ষ্য নির্ধারণ করেছি। চার বছর আগের চেয়ে আমরা এখন অনেক ভালো দল এবং আমাদের সেটা মাঠে দেখাতে হবে। অবশ্যই আমাদের একটাই মূল লক্ষ্য, আর সেটা হলো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া।”
“আমরা জয়ের জন্যই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছি এবং লক্ষ্য পূরণে আমাদের তেমন খেলোয়াড়ও আছে। তবে সেজন্য আমাদের ম্যাচের পর ম্যাচ সেটা প্রমাণ করতে হবে। মোটেও সহজ কাজ নয়, অবশ্যই; তবে আমাদের যা কিছু করা প্রয়োজন সবকিছুই আমরা করব এবং আমার এতে পূর্ণ বিশ্বাস আছে।”
চার বছর আগে কাতার বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে যোগ করা সময়ের শেষ মুহূর্তে ২-২ সমতা টেনে ম্যাচ অতিরিক্ত সময়ে টেনে নেয় নেদারল্যান্ডস। এরপর অতিরিক্ত ৩০ মিনিট পেরিয়ে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, সেখানে ৪-৩ ব্যবধানে হেরে যায় তারা।
সেই তীব্র হতাশার সঙ্গী ছিলেন ডামফ্রিস। সেই কষ্ট এখনও মনে পড়লে ভীষণ কষ্ট পান তিনি।
“ওই ম্যাচের কথা মনে করতে চাই না, এবং আমার মনে হয় না কোনো ডাচ সমর্থক সেদিকে ফিরে তাকাতে চায়। একজন নিরপেক্ষ ফুটবলপ্রেমীর কাছে লড়াইটা ছিল দারুণ উপভোগ্য। ম্যাচটাতে বারবার মোড় বদলেছিল। শেষ পর্যন্ত আর্জেন্টিনা জিতেছিল এবং পরবর্তীতে তারা নতুন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল।”
“আমাদের জন্য যা ছিল খুব কষ্টের, কারণ আমরা ছিটকে পড়েছিলাম। তবে নিশ্চিতভাবেই সেটা দারুণ এক অনুপ্রেরণাও এবার আমাদের লক্ষ্যটা পূরণের জন্য।”
আগামী ১৪ জুন জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবার বিশ্বকাপ যাত্রা শুরু হবে নেদারল্যান্ডসের। ‘এফ’ গ্রুপের অন্য দুই দল হলো সুইডেন ও তিউনিসিয়া।
