দুই ম্যাচ নিষিদ্ধ তুরস্কের দেমিরাল
গোল উদযাপনের সময় অনুপযুক্ত আচরণের দায়ে তুর্কি ডিফেন্ডারকে এই শাস্তি দিয়েছে উয়েফা।
ইউরোপিয়ান চাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে মাঠের লড়াইয়ে নামার আগে বড় ধাক্কা খেল তুরস্ক। গোল উদযাপনের সময় ‘অনুপযুক্ত আচরণ’ করায় দলটির ডিফেন্ডার মেরিহ দেমিরালকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করল ইউরোপ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
ইউরোতে গত মঙ্গলবার শেষ ষোলোয় অস্ট্রিয়াকে ২-১ গোলে হারানোর ম্যাচে তুরস্কের হয়ে দুটি গোলই করেন দেমিরাল। ম্যাচের ৫৯তম মিনিটে দ্বিতীয় গোলটি করার পর উদযাপনের সময় দুই হাত দিয়ে একটি প্রতীক তৈরি করতে দেখা যায় তাকে। যা তুরস্কের উগ্র-জাতীয়তাবাদী সংগঠনের সঙ্গে সম্পর্কিত। যারা ‘গ্রে উলভস’ নামে বেশি পরিচিত।
দেমিরালের বিরুদ্ধে ম্যাচের সময় ‘অনুপযুক্ত আচরণ’ করার অভিযোগ ওঠার পর তদন্ত শুরু করে উয়েফা। তদন্ত শেষে শুক্রবার তার শাস্তির ঘোষণা দিল তারা।
কোয়ার্টার-ফাইনালে আগামী শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে তুরস্ক। বার্লিনের এই ম্যাচটি তো বটেই, পরে তুরস্কের আরও একটি ম্যাচে খেলতে পারবেন না দেমিরাল।
দেমিরালের ওই অঙ্গভঙ্গিকে দেশ প্রেমের একটি স্বাভাবিক অভিব্যক্তি হিসেবে সমর্থন দিয়েছেন তুরস্কের সরকার। কিন্তু উয়েফার চোখে এটি শাস্তিযোগ্য আচরণ।
দেমিরালের শাস্তি ঘোষণার বিবৃতিতে উয়েফা বলেছে, আচরণের সাধারণ নীতিমালা মেনে চলতে ব্যর্থ হওয়া, শালীন আচরণের মৌলিক নিয়ম লঙ্ঘন করা এবং ফুটবলের দুর্নাম করার জন্য দেমিরালকে শাস্তি দেওয়া হয়েছে।
‘গ্রে উলভস’ গ্রুপকে ফ্রান্সে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া অস্ট্রিয়ায় ‘গ্রে উলফ স্যালুট’ ব্যবহার নিষিদ্ধ।
এর আগে ২০১৯ সালে সিরিয়ায় সামরিক অভিযান চালানোর সময় খেলার মাঝেই একসঙ্গে সামরিক স্টাইলে স্যালুট দেওয়ার জন্য তিরস্কার করা হয় তুরস্কের ১৬ খেলোয়াড়কে। ওই দলেও ছিলেন দেমিরাল।
তার এই শাস্তি তুলে নেওয়ার জন্য উয়েফার প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের ভাইস প্রেসিডেন্ট সেভদেত ইলমাজ।
“ফুটবলের সৌন্দর্য ও রোমাঞ্চ ঢেকে যাওয়া উচিত নয় রাজনৈতিক সিদ্ধান্তে।”
