২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলাভেসের বিপক্ষেও অনিশ্চিত এমবাপে

দুঃসময়ের চক্রে থাকা রেয়াল মাদ্রিদ এই ম্যাচেও ফরাসি তারকাকে না পেলে তা হবে বড় ধাক্কা।

আলাভেসের বিপক্ষেও অনিশ্চিত এমবাপে
ম্যানচেস্টার সিটির বিপক্ষে বেঞ্চে সময় কাটে কিলিয়ান এমবাপের। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2025, 06:38 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

ম্যানচেস্টার সিটির বিপক্ষে স্কোয়াডে থাকলেও শেষ পর্যন্ত মাঠে নামেননি কিলিয়ান এমবাপে। ফরাসি তারকাকে নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। লা লিগায় আলাভেসের বিপক্ষেও তার খেলা নিয়ে রয়েছে শঙ্কা।

গত রোববার আঙুল ভেঙে যায় এমবাপের। মঙ্গলবার জানা যায়, তিনি বাঁ পায়ের পেশির চোটে ভুগছেন। তারপরও চ্যাম্পিয়ন্স লিগে সিটির বিপক্ষে ম্যাচের স্কোয়াডে রাখা হয় তাকে। সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রেয়াল মাদ্রিদের ২-১ গোলে হারা ম্যাচে পুরো সময় বেঞ্চে কাটান ২৬ বছর বয়সী ফুটবলার। 

সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ আট ম্যাচের মাত্র দুটিতে জয়ী রেয়াল আগামী রোববার ঘরোয়া লিগে আলাভেসের মাঠে খেলবে। এই ম্যাচেও এমবাপেকে না পেলে রেয়ালের জন্য তা হবে বড় ধাক্কা। 

তার পেশির চোট যদিও গুরুতর নয়, এরপরও সিটির বিপক্ষে তাকে নিয়ে কোনো ঝুঁকি নেননি কোচ শাবি আলোন্সো। ম্যাচের পর বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডের ফিটনেস নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি স্প্যানিশ কোচ। 

“রোববারের জন্য তাকে পাওয়া যাবে কি না, তা এখনই বলাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। পরিষ্কারভাবে সে আজ (বুধবার) খেলার পরিস্থিতিতে ছিল না। যদি সে (আলাভেসের বিপক্ষে) মাঠে না ফেরে, তাহলে আমরা তার অভাব বোধ করব।”

রেয়াল অনেকটাই এমবাপের ওপর নির্ভরশীল বলে এক ধরনের আলোচনা আছে। পরিসংখ্যানও তেমন ইঙ্গিত দিচ্ছে। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে ২৫ গোল করার পাশাপাশি চারটি আসিস্ট করেছেন তিনি। মৌসুমে এখন পর্যন্ত দলের ৪৫ গোলের ৬৪ শতাংশই তার।

লা লিগায় সবশেষ ম্যাচে ঘরের মাঠে সেল্তা ভিগোর বিপক্ষে ২-০ গোলে হারে রেয়াল। লিগে সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে তাদের জয় কেবল একটি। ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তারা আছে দুইয়ে, শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে।