২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হয়ত আরও ১০ বছর’, অবসরের প্রশ্নে রোনালদোর রসিকতা

অবসরের বিষয়ে এখনও কোনোকিছু মনস্থির করেননি ৩৮ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2024, 07:25 PM

Updated : 20 Jan 2024, 08:02 PM

কিছুদিন পরই বয়স হবে ৩৯। পেশাদার ফুটবল ক্যারিয়ারের বয়স চলছে ২২ বছর। আরও কতদিন খেলবেন ক্রিস্তিয়ানো রোনালদো? পাঁচবারের ব্যালন দ’র জয়ী পর্তুগিজ মহাতারকা বললেন, এখনও মনস্থির করেননি ঠিক কবে থামবেন তিনি। 

ইউরোপিয়ান ফুটবলের পাঠ চুকিয়ে গত বছরের জানুয়ারি থেকে সৌদি আরবের ক্লাব আল নাস্‌রে খেলছেন রোনালদো। বয়স ৩৮ হলেও ফুটবলের সবুজ আঙিনায় এখনও তিনি দুর্বার, প্রতিপক্ষের গোলমুখে দারুণ কার্যকর।

আল নাস্‌র ও পর্তুগালের হয়ে ৫৪ গোল করে ২০২৩ সালে বিশ্বের সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি। সেটিরই স্বীকৃতি হিসেবে দুবাইয়ে শুক্রবার রাতে ২০২৩ গ্লোব সকার অ্যাওয়ার্ডসে তিনি জেতেন সেরা গোলস্কোরারের পুরস্কার মারাদোনা অ্যাওয়ার্ড। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলার এবং ফ্যানস ফেভারিট বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন সাবেক রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

ওই অনুষ্ঠানেই রোনালদোর কাছে জানতে চাওয়া হয়, কবে অবসরের কথা বিবেচনা করবেন তিনি। মজা করেই উত্তর দেন আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা।

“সত্যি বলতে, এই মুহূর্তে জানি না কবে থামব। অবশ্যই এটা শিগগিরই হবে। শিগগিরই বলতে হয়ত আরও ১০ বছর। মজা করলাম! আমি আসলে জানি না। দেখা যাক কী হয়।”

রোনালদো খুশি তার পারফরম্যান্স নিয়ে। বললেন, লোকের সমালোচনা তাকে প্রভাবিত করে না।

“এই মৌসুমে (আসলে গত বছর) আমি সর্বোচ্চ গোলস্কোরার ছিলাম। একবার ভেবে দেখুন, (আর্লিং) হলান্ডের মতো তরুণদের হারাতে পেরেছি। আমি গর্বিত এবং দ্রুতই ৩৯-এ পা রাখব। লোকে যখন আমাকে নিয়ে সংশয় প্রকাশ করে, ভালোই লাগে এবং তখন আমি সফল হই। সমালোচনা আমাকে প্রভাবিত করে না।”